টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে কী ভাবছেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ড্র, এরপর ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতা–সেসব পেছনে ফেলে এবার নতুন উদ্যোমে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে টাইগাররা।
ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজটি জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নীল পথ আরও অনেকদূর এগিয়ে যাবে বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা ও দলের পরিকল্পনা নিয়ে নিজের ভাবনা খোলাসা করেছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফাইনালের সমীকরণ এবং বাড়তি চাপের বিষয়টি নিয়ে কথা বলেন টাইগার কাপ্তান শান্ত। তিনি জানিয়েছেন, ফাইনালে খেলার এই হাতছানি তার কাছে কোনো মানসিক চাপ নয়, বরং বিশাল এক অনুপ্রেরণা।
বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘এটা আমার কাছে কোনো চাপ নয়, পুরোপুরি অনুপ্রেরণা। টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এমন সমীকরণ চলে আসাটা খুবই অনুপ্রেরণাদায়ক। আমি এটাকে প্রেশার বলব না। তবে এটা মানতেই হবে যে, এই সিরিজটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
মাঠের খেলায় অতিরিক্ত কিছু না করে বরং নিজেরা যেটা পারেন সেটাই শতভাগ দেওয়ার কথা জানালেন শান্ত। তিনি বলেন, ‘আমরা বাড়তি কিছু করতে চাই না, কেবল নিজেদের সাধারণ প্রক্রিয়াটা ঠিকঠাক অনুসরণ করতে চাই। যা আমরা পারি, মাঠে তার শতভাগ দিতে চাই। বাড়তি কোনো এফোর্টের প্রয়োজন নেই।’
সামনের কঠিন পথ নিয়ে খুব বেশি দূর না ভেবে ম্যাচ ধরে এগোনোর কথা জানান শান্ত। তিনি বলেন, ‘ফাইনালে যাওয়ার বিষয়টি এখনো অনেক দূরে, তাই অত দূর নিয়ে এখনই ভাবছি না। আমরা যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকি, তবে লক্ষ্য অর্জন করা অবশ্যই সম্ভব। আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি, সেশন বাই সেশন সেরাটা দেওয়ার চেষ্টা করছি। খুব ছোট ছোট লক্ষ্য নিয়ে মাঠে নামছি। আমাদের প্রস্তুতির সময়ও এভাবেই আলোচনা হয়েছে—প্রতিটি ম্যাচ এবং প্রতিটি ঘণ্টা আলাদাভাবে গুরুত্ব দিয়ে খেলতে হবে।’
টানা খেলার ব্যস্ততা ও ক্লান্তি ছাপিয়েও দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অধিনায়ক। শান্ত বলেন, ‘টানা খেলার মাঝেও আমরা বেশ ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর যারা দেশে ফিরে এসেছিল, তারা দ্রুতই অনুশীলনে নেমে পড়েছিল। সার্বিক প্রস্তুতি নিয়ে আমি বেশ খুশি।’
দুই ম্যাচ টেস্ট হবে বাংলাদেশের ঘরের মাঠে। তাই এখানকার কন্ডিশনও খুব চেনা টাইগারাদের। সেটি বাড়তি সুবিধা দেবে বলেই মনে করেন শান্ত। তিনি বলেন, ‘ঘরের কন্ডিশন আমাদের ভালোভাবে জানা আছে, এখানকার পরিবেশ নিয়ে আমাদের পরিষ্কার ধারণাও আছে। প্রতিটি সিরিজেই নিজস্ব চ্যালেঞ্জ ও কঠিন সময় থাকে। তবে আমাদের দলের ক্রিকেটাররা এখন অনেক বেশি অভিজ্ঞ। গত কয়েক বছর ধরে আমরা ঠিক এভাবেই একটানা সিরিজের পর সিরিজ খেলে অভ্যস্ত।’
এদিকে মিরপুরের উইকেটের চরিত্র, একাদশ কিংবা দলের কম্বিনেশন কেমন হতে পারে—সে বিষয়ে খুব বেশি খোলাসা করতে চাননি বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘আমাদের পেস ও স্পিন—উভয় বিভাগই এখন বেশ ভালো অবস্থানে রয়েছে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও আমাদের কন্ডিশন ও পিচ কেমন হতে পারে তা খতিয়ে দেখবে, তাই আমি এখনই সবকিছু খুলে বলতে চাই না। আমরা ম্যাচের দিন পরিস্থিতি ও কন্ডিশন বুঝে সেরা একাদশটাই মাঠে নামাব।’

স্পোর্টস ডেস্ক