বোনের স্মৃতিতে ৩০ গ্রামের ভরসা সাদিও মানে
সেনেগালের দক্ষিণের একটি গ্রাম বাম্বালি। রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে একসময় হাসপাতাল ছিল না। ফলে কোনো নারীর প্রসববেদনা শুরু হলে চিকিৎসা পাওয়া ছিল কঠিন। সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারলে মা ও নবজাতক, দুজনের জীবনই পড়ত ঝুঁকিতে। ভাগ্য ভালো হলে দুজনই বেঁচে যেতেন। আর ভাগ্য সহায় না হলে পরিণতি হতো ভয়াবহ।
২০২০ সালে দ্য গার্ডিয়ানকে সাদিও মানে বলেছিলেন, ‘পরিস্থিতিটা সবার জন্যই খুব কষ্টের ছিল। আমি আমার গ্রামে একটা হাসপাতাল বানাতে চেয়েছিলাম, যাতে মানুষ আশা পায়।’ যে বোনের জন্মের সময়ের কষ্ট তাকে হাসপাতাল নির্মাণে অনুপ্রাণিত করেছিল, তার ভাইকে অবশ্য আপনি অন্য পরিচয়ে চেনেন।
লিভারপুলের হয়ে ছয় বছরে ২৬৯ ম্যাচ খেলে ১২০ গোল করেছেন সাদিও মানে। ২০১৯ সালে তার হাত ধরেই চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছিল লিভারপুল। একই বছর ব্যালন ডি’অরের দৌড়ে বিশ্বের সেরা পুরুষ ফুটবলারের তালিকায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। দুর্দান্ত গতি, বলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই এবং চাপের মুখেও ঠান্ডা মাথায় গোল করার দক্ষতা, সব মিলিয়ে অ্যানফিল্ডের অন্যতম প্রিয় মুখ ছিলেন মানে। তবে তাঁর জীবনের গল্প শুধু ১২০ গোলের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়।
২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে নিজের গ্রাম বাম্বালিতে ৩০০টি লিভারপুলের জার্সি পাঠিয়েছিলেন মানে। উদ্দেশ্য ছিল, গ্রামের মানুষ যেন প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে ফাইনাল দেখতে পারেন। সেবার রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। জার্সিগুলো সেদিন নিশ্চয়ই কিছুটা ভারী মনে হয়েছিল। তবে পরের বছর যখন লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জিতল, সেই জার্সিগুলো আবার গায়ে উঠেছিল। এবার আনন্দের উপলক্ষ নিয়ে।
এবার একটু পেছনে ফেরা যাক! মানে যখন মাত্র সাত বছরের শিশু, তখন তার বাবা মারা যান। কৈশোরে মাঠে কাজ করেছেন, খালি পায়ে ফুটবল খেলেছেন। অভাব আর ক্ষুধার অভিজ্ঞতা তার খুব ভালোভাবেই জানা। মাত্র ১৫ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন তিনি। স্বপ্ন পূরণের পথে অনেকেই নিজের শিকড় ভুলে যান। কিন্তু মানে ফিরেছেন নিজের গ্রামে। প্রতিবারই ফিরেছেন মানুষের জন্য কিছু নিয়ে।
২০১৯ সালের বসন্তে গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে আড়াই লাখ পাউন্ড দান করেন তিনি। মেধাবী শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ এবং ৪০০ ডলার করে পুরস্কারের ব্যবস্থাও করেন। এরপর উদ্যোগ নেন হাসপাতাল নির্মাণের। চিকিৎসাকর্মীদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে সেনেগালের তৎকালীন প্রেসিডেন্ট ম্যাকি সালের সঙ্গেও দেখা করেন।
অবশেষে ২০২১ সালের জুনে মাতৃসেবা বিভাগসহ হাসপাতালটির উদ্বোধন হয়। হাসপাতালটি এখন শুধু বাম্বালির মানুষের চিকিৎসাসেবা দিচ্ছে না, আশপাশের ৩০টিরও বেশি গ্রামের মানুষও এখানে চিকিৎসা পাচ্ছেন। এক বোনের জন্মের সময়কার কষ্ট থেকে যে উদ্যোগের শুরু, সেটিই এখন অসংখ্য পরিবারের ভরসার জায়গা।
একবার বাম্বালির কাদামাখা মাঠে স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছিল সাদিও মানেকে। তর সঙ্গে ছিলেন এল হাজি দিউফ ও পাপিস সিসে। সেই ম্যাচে কোনো ট্রফি ছিল না, ছিল না বড় কোনো আয়োজন। দর্শকদের মধ্যে হয়তো এমন কেউ ছিলেন, যার জন্ম হয়েছিল ঠিক সেই ধরনের কোনো ঘরে, যেখানে একসময় জন্ম হয়েছিল সাদিও মানের বোনের।
মানে এখন থাকেন সৌদি আরবের রাজধানী রিয়াদে। ২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছেড়ে আল নাসরে যোগ দেন তিনি। গত মৌসুমে সাত বছর পর সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের সঙ্গে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মানেও। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেনেগালের শিরোপা জয়ের পর আল নাসরের সতীর্থরা রোনালদোকে সঙ্গে নিয়ে তাকে বীরোচিত সংবর্ধনা দিয়েছেন। জাতীয় দলের হয়ে এই সাফল্যের সুবাদে এ বছর আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত পাঁচজনের তালিকাতেও জায়গা পেয়েছেন তিনি।
এখন তার বয়স ৩৩ বছর। আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। সৌদি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাবটি চুক্তি নবায়নে আগ্রহী নয়। তবে মানের এজেন্ট জানিয়েছেন, জানুয়ারিতে ক্লাব ছাড়ছেন না এই সেনেগালিজ ফরোয়ার্ড। আগামী মৌসুমে কোন ক্লাবের জার্সিতে তাঁকে দেখা যাবে, তা এখনো অনিশ্চিত।
এ মাসে মাঠের বাইরের একটি খবরও আলোচনায় এসেছে। সেনেগালের নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের জন্য দল ঘোষণার পর দেখা যায়, সেখানে নেই মানে। সেনেগালীয় সংবাদমাধ্যমের খবর, স্ত্রীর পাশে থেকে নতুন সন্তানকে স্বাগত জানাতে রিয়াদেই থেকে গেছেন তিনি। কোচ ও কোচিং স্টাফও বিষয়টি বুঝতে পেরেছেন। বুঝবেন না কেন!
যে মানুষটির বোনের জন্ম হয়েছিল হাসপাতালহীন একটি গ্রামের সাধারণ ঘরে, তিনি জানেন সন্তান জন্মের মুহূর্তে পাশে একজন চিকিৎসাকর্মী থাকা কতটা জরুরি। জানেন, সেই মুহূর্তে একজন মায়ের পাশে থাকার গুরুত্ব কতখানি। তাই জাতীয় দলের ক্যাম্পের চেয়ে পরিবারের এই বিশেষ মুহূর্তকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।
হয়তো ঠিক এই সময়েই বাম্বালির হাসপাতালের কোনো এক কক্ষে আরেকটি শিশু প্রথমবারের মতো কেঁদে উঠছে। সেই কান্না রিয়াদের কোনো গ্যালারিতে পৌঁছাবে না। মানেও হয়তো তা শুনতে পাবেন না। তবু শিশুটি জন্ম নিচ্ছে নিরাপদ ছাদের নিচে, চিকিৎসাকর্মীদের যত্নে। আর সেই নিরাপদ ছাদের পেছনে রয়েছে সাদিও মানের অবদান।

স্পোর্টস ডেস্ক