অস্ট্রেলিয়াকে হতাশ করে বাংলাদেশের আরেকটি সেশন জয়
ডারউইন টেস্টের তৃতীয় দিনেও চলছে বাংলাদেশের দাপট। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদদের কাছে রীতিমতো নাকানিচুবানি খাচ্ছেন মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিন্সরা। মিরাজের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান পার করেছে বাংলাদেশ। লিডও পেয়েছে বড় রানের।
আজ শনিবার (১৫ আগস্ট) ডারউইন টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে নিজেদের প্রথম ইনিংসে ১৩৩ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৪১৭ রান করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছিল ১৯৮ রানে। ফলে বাংলাদেশ লিড পেয়ছে ২১৯ রানের। ১৫২ বলে ৬৫ রান করে অপরাজিত আছেন মিরাজ। তার সঙ্গী তাসকিন (২২ বলে ১২)।
৪ উইকেট হাতে রেখে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই ফিরে যান আগেরদিন ব্যাটহাতে অসি বোলারদের হতাশ করা হাসান মাহমুদ। শেষ পর্যন্ত ৯২ বল খেলে ১৪ রান আসে তার ব্যাট থেকে। এতে ভাঙে ১৪৬ বলে ১৭০ বলে ৪৬ রানের জুটি।
এরপর উইকেটে এসে শুরুটা ভালোই করেছিলেন তাইজুল ইসলাম। মিরাজের সঙ্গে ২৫ বলে ১৮ রানের জুটিও গড়েছিলেন তিনি। তবে বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারেননি। ২৩ বলে ১৭ রান করে হ্যাজলউডের শিকার হন তিনি।
দিনের শুরুতেই দুই উইকেট হারানোর সেই ধাক্কা সামলে তাসকিনকে সঙ্গে নিয়ে আবারও স্বাগতিক বোলারদের শাসন করতে থাকেন মিরাজ। এই দুজনের জুটি থেকে এসেছে ৪৫ রান। অবশ্য ভাগ্যর সহায়তাও পেয়েছে বাংলাদেশ। বেশ কয়েকটি ক্যাচ ফেলেছেন অসি ফিল্ডাররা।

স্পোর্টস ডেস্ক