ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড
উয়েফা নেশন্স লিগের আসন্ন ম্যাচে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দল। দীর্ঘ আলোচনা শেষে ম্যাচটি খেলা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। ম্যাচ শুরু হওয়ার ঠিক ২৪ ঘণ্টারও কম সময় আগে হাঙ্গেরিতে দুপুরের খাবার খাওয়ার সময় নিজেদের মধ্যে ভোটাভুটি করে এই সিদ্ধান্ত নেন আইরিশ ফুটবলাররা।
হাঙ্গেরির ডেব্রেসেন শহরে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুটবলারদের এই অবস্থানের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়।
এর আগে গত কয়েক সপ্তাহ ধরে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) এবং দেশটির সরকারের পক্ষ থেকে ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ীই মাঠে গড়ানোর পক্ষে সাফাই গাওয়া হচ্ছিল। এর ধারাবাহিকতায় আজ সকালে টানা চার ঘণ্টা দীর্ঘ আলোচনার পর দুপুরের আগেই স্কোয়াডের সদস্যরা ভোটাভুটিতে অংশ নেন।
পরবর্তীতে নির্ধারিত সংবাদ সম্মেলনের সময় পার হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর, কোচ হালগ্রিমসন ও এফএআই-এর ফুটবল ডিরেক্টরকে দুপাশে রেখে সাংবাদিকদের মুখোমুখি হন আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএআই) সিইও ডেভিড কাউরেল।
তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে, খেলোয়াড়দের মধ্যকার ভোটাভুটিতে ‘উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতার’ ভিত্তিতেই ম্যাচটিতে মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, স্কোয়াডের অন্তত সাতজন ফুটবলার শুরু থেকেই ইসরায়েলের বিপক্ষে মাঠে নামতে সরাসরি অনীহা প্রকাশ করেছিলেন। তবে দলের অধিকাংশ সদস্য খেলার পক্ষে রায় দেওয়ায় শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েই মাঠে নামার সিদ্ধান্ত নেয় পুরো দল।
খেলোয়াড়রা আগেই একমত হয়েছিলেন যে ভোট যাই হোক না কেন, তারা সবাই সংখ্যাগরিষ্ঠের সেই রায় মেনে নেবেন এবং দলের ঐক্য ও সংহতি বজায় রাখবেন। মূলত এই স্পর্শকাতর সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট ফুটবলার বা ছোট কোনো দল যেন একা কোনো ধরনের বাধার মুখে না পড়ে বা বলির পাঁঠা হতে না হয়, তা নিশ্চিত করতেই সবাই মিলে এই সম্মিলিত অবস্থান নেন।
তবে দলের মূল গোলকিপার গ্যাভিন বাজুনু এই ম্যাচে মাঠে নামছেন না এবং তিনি খেলতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছেন বলে জানা গেছে। শুধু বাজুনু একাই নন, দলের আরও চার থেকে সাতজন খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করার বিষয়ে তীব্র মানসিক দ্বিধাদ্বন্দ্ব ও আপত্তি প্রকাশ করেছিলেন।
এমন খবর প্রকাশ্যে আসতেই চারাদিক থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ক্রীড়া সংস্থা ও আইরিশ সরকারের কূটনৈতিক সিদ্ধান্তের কারণে খেলোয়াড়দের যে এমন একটি অস্বস্তিকর ও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, সে জন্য সর্বস্তরের মানুষ তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছেন।
আয়ারল্যান্ডের সোশ্যাল ডেমোক্র্যাটসের ক্রীড়া বিষয়ক মুখপাত্র ও আইরিশ সংসদ সদস্য ড্যানিয়েল এনিস এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আসন্ন নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচ খেলার যে সিদ্ধান্ত আমাদের জাতীয় দল নিয়েছে, তা সত্যিই অত্যন্ত হতাশাজনক। তবে মূল কথা হলো, আমাদের দেশের খেলোয়াড়দের শুরুতেই এমন একটি কঠিন ও রাজনৈতিকভাবে বিতর্কিত পরিস্থিতিতে ফেলে দেওয়াটা একদমই ঠিক হয়নি।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল সরকার যখন গাজায় একের পর এক মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে এবং পশ্চিম তীরে আগ্রাসন জোরদার করেছে, ঠিক সেই সময়ে তাদের জাতীয় দলের বিপক্ষে আয়ারল্যান্ড মাঠে নামবে—এমন দৃশ্য দেখলে সাধারণ আইরিশ জনগণের মনে তীব্র ক্ষোভ ও ঘৃণার জন্ম হওয়াই স্বাভাবিক।
তবে এমন পরিস্থিতির জন্য কোনোভাবেই ফুটবলাররা দায়ী নয় বলে মনে করেন তিনি। ড্যানিয়েল এনিস বলেন, ‘তবে এর জন্য কোনোভাবেই আমাদের খেলোয়াড়েরা দায়ী নন, এটি তাদের ব্যর্থতা নয়। বরং সঠিক ও সাহসী সিদ্ধান্তটি নিতে না পারাটা সম্পূর্ণভাবে আইরিশ সরকার, এফএআই এবং উয়েফার চরম ব্যর্থতা।’

স্পোর্টস ডেস্ক