মোরসালিনের চোখ এখন সিঙ্গাপুর ম্যাচে
ফিফার কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। তবে এই যাত্রায় বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। প্রায় পুরো ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
অনেকটা এক পেশে ম্যাচে মালেশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে ছিলেন না মিডফিল্ডার শেখ মোরসালিন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও ম্যাচের চিত্র বদলাতে পারেননি তিনি।
মালয়েশিয়া ম্যাচে দলের কৌশল ও একাদশ নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সেসব নিয়ে পড়ে থাকতে চান না মোরসালিন। তার দৃষ্টি এখন পরের ম্যাচে। আসিয়ান কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সোমবার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের বিপক্ষে। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। দুই দিনের বিরতিতে আজ শনিবার খেলোয়াড়দের অনুশীলন ও বিশ্রাম-- দুইভাবেই দিন কেটেছে। প্রথম ম্যাচে যারা বেশি সময় মাঠে ছিলেন, তারা পেয়েছেন বিশ্রাম। আর যারা কম সময় খেলেছেন কিংবা মাঠেই নামেননি, তাদের জন্য ছিল অনুশীলন সেশন। মোরসালিন ছিলেন অনুশীলন করা দলের সঙ্গে।
অনুশীলন শেষে মালয়েশিয়া ম্যাচ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোরসালিন। তিনি বলেন, ‘অবশ্যই আমরা জিততে চেয়েছি। কিন্তু জিততে পারিনি। এজন্য সবারই খারাপ লাগছে। ম্যাচ হারার পর খারাপ লাগাটাই স্বাভাবিক।’
তবে প্রথম ম্যাচের হারকে পেছনে রেখে এখন পরের ম্যাচে মনোযোগ দিতে চান তিনি। গ্রুপ সেরার লড়াইয়ে ঘুরে দাঁড়াতে সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট পাওয়ার গুরুত্বও জানেন মোরসালিন।
মোরসালিন বলেন, ‘আমরা এখন পরের ম্যাচটা নিয়ে চিন্তা করছি। কীভাবে ম্যাচটি জিতব, সেই পরিকল্পনাই করছি। আমরা এখানে জিততে এসেছি। সবার মনে করা উচিত, আমরা এই টুর্নামেন্ট জিততে এসেছি। তাই পরের ম্যাচ জেতাই এখন আমাদের টার্গেট।’
সিঙ্গাপুর বাংলাদেশের অপরিচিত প্রতিপক্ষ নয়। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ঘরের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে সিঙ্গাপুরকে প্রায় রুখে দিয়েও শেষ পর্যন্ত ১-০ গোলে হারে তৎকালীন হাভিয়ের কাবরেরার দল।
এবার আসিয়ান কাপে সিঙ্গাপুরও হাড় দিয়ে শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে তারা। ফলে দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে। বাংলাদেশের জন্য তাই মালয়েশিয়া ম্যাচের হতাশা পেছনে ফেলে নতুন করে শুরু করার সুযোগ সোমবারের সিঙ্গাপুর ম্যাচ।

স্পোর্টস ডেস্ক