ম্যানসিটির যেসব ট্রফি দিয়ে দেওয়া হতে পারে অন্যদের
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। প্রভাবশালী ক্রীড়ামাধ্যম ‘দি অ্যাথলেটিক’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যকার সময়ে ক্লাবটির বিরুদ্ধে আনা মোট ১১৫টি আর্থিক দুর্নীতির অভিযোগের মধ্যে অন্তত ১১৪টিতেই সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এই বিশাল আর্থিক কেলেঙ্কারির কারণে ক্লাবটির ওপর পয়েন্ট কর্তন, বিভিন্ন শিরোপা কেড়ে নেওয়া এবং সর্বসাকুল্যে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন বা অবনমনের মতো কঠোর শাস্তির খড়গ নেমে আসতে পারে।
যদি ক্লাবটির ট্রফি কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তাদের ক্যাবিনেট থেকে মোট সাতটি বড় শিরোপা হারিয়ে যাবে। ম্যানসিটির কাছ থেকে কেড়ে নেওয়া সেই ট্রফিগুলো তখন রানার্সআপ বা টেবিলের দ্বিতীয় স্থানে থাকা প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর হাতে তুলে দেওয়া হবে।
প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগ থেকে সিটির যেসব শিরোপা হাতবদল হতে পারে, তার মধ্যে রয়েছে—২০১১-১২ মৌসুমের লিগ ট্রফিটি চলে যাবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরে। ২০১৩-১৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপাটি পাবে লিভারপুল। আর ২০১৭-১৮ মৌসুমের লিগ শিরোপাটিও ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে তুলে দেওয়া হতে পারে।
শুধু লিগ শিরোপাই নয়, ঘরোয়া অন্যান্য প্রতিযোগিতার ট্রফিও হাতছাড়া হতে পারে সিটিজেনদের। যার মধ্যে রয়েছে ২০১১ সালের এফএ কাপের ট্রফি। এটি দেওয়া হবে স্টোক সিটিকে। এ ছাড়া ২০১৩-১৪, ২০১৫-১৬ এবং ২০১৭-১৮ মৌসুমের লিগ কাপ বা কারাবাও কাপের শিরোপাগুলো যথাক্রমে চলে যাবে সান্ডারল্যান্ড, লিভারপুল ও স্টোক সিটির ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক