ফাইনালের আগে মেসিকে নিয়ে কী বললেন স্কালোনি?
ফাইনালের ডামাডোলের মধ্যে ফের আলোচনায় লিওনেল মেসির ভবিষ্যৎ। ৩৯ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর প্রশ্ন উঠছে, বিশ্বকাপের পর কি থামবেন তিনি? তবে এই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি বলেন, ‘আমি কীভাবে জানব, এটি মেসির শেষ বিশ্বকাপ কি না। আমার কোনো ধারণা নেই। আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। সে ছন্দে আছে। সে কখনও আমাদের অবাক করা থামায় না।’
বিশ্বকাপ চলাকালেই ৩৯ বছরে পা রাখা মেসি আবারও প্রমাণ করেছেন, বয়স তার জন্য কেবল একটি সংখ্যা। ২০২২ বিশ্বকাপে দলকে শিরোপা জেতানোর পর অনেকে ভেবেছিলেন, সেখানেই হয়তো শেষ হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে ২০২৬ বিশ্বকাপেও সমান দাপট দেখাচ্ছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে এগিয়ে রয়েছেন মেসি। তার নেতৃত্বে আবারও শিরোপার খুব কাছে পৌঁছে গেছে আর্জেন্টিনা।
মেসির এই অবিশ্বাস্য ধারাবাহিকতায় মুগ্ধ স্কালোনি বলেন, ‘৩৯ বছর বয়সে ফাইনালে জায়গা করে নেওয়া অবিশ্বাস্য। সে এমন কিছু করেছে, যা কয়েক বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি।’

স্পোর্টস ডেস্ক