আমার কোনো অভিযোগ নেই, কিসের ইঙ্গিত স্কালোনির?
ম্যাচ জিতলেও নকআউট পর্বে আর্জেন্টিনার খেলা নিয়ে সমালোচনা হয়েছে। বিশেষত, মিসর ম্যাচের পর বেড়েছে সমালোচনার পারদ। এসব অবশ্য মানতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালকে সামনে রেখে স্কালোনি জানালেন, যতটা বাইরে থেকে তুলে ধরা হচ্ছে, বাস্তবতা এতটা নেতিবাচক নয়।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মানুষ যেভাবে বলছে, আমরা আসলে ততটা খারাপ খেলছি না। এই পর্যায়ে আসতে হলে কিছু তো ঠিকই করেছি। খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাদের তিনটি শিরোপা এনে দিয়েছে এবং এখন আবারও সেমিফাইনালে তুলেছে। আমরা মাত্র এক ধাপ দূরে, সেখানে পৌঁছাতে আমরা সর্বোচ্চটা দেব।’
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পথ সহজ ছিল না। প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠলেও বেশ কয়েকটি ম্যাচে কঠিন লড়াই করতে হয়েছে। অতিরিক্ত সময়, নাটকীয় প্রত্যাবর্তন সব মিলিয়ে চ্যালেঞ্জের মধ্য দিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও সেটিকে বড় করে দেখছেন না স্কালোনি। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা ঠিক যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে খেলছি কি না, তা নিয়ে আমি খুব একটা ভাবি না। দেড় মাস আগে কেউ যদি বলত আমরা যেভাবেই হোক সেমিফাইনালে উঠব, আমি সেটাই খুশি মনে মেনে নিতাম।’
দলের বর্তমান অবস্থা নিয়েও বেশ নির্ভার আর্জেন্টাইন কোচ— ‘আমার কোনো অভিযোগ নেই। আমরা ক্লান্ত কি না, সেটাও বড় বিষয় নয়। আমরা এখন বিশ্বকাপের সেমিফাইনালে আছি। এটা দারুণ এক মুহূর্ত। সবাই রোমাঞ্চিত এবং ম্যাচের জন্য প্রস্তুত।’

স্পোর্টস ডেস্ক