সুইজারল্যান্ডের রক্ষণ ভেঙে এগিয়ে গেল আর্জেন্টিনা
ম্যাচের শুরুতে সুইজারল্যান্ড কিছুটা আক্রমণে উঠলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। এরপর সুইজারল্যান্ডের রক্ষণভাগের পরীক্ষা নিতে শুরু করে লিওনেল মেসি-ম্যাক অ্যালিস্টাররা। কয়েকটি আক্রমণ আটকে দিলেও সুইজ দুর্গ ভাঙতে সময় লাগেনি আলবিসেলেস্তেদের। ম্যাচের শুরুতেই ম্যাক অ্যালিস্টারের গোলে লিড নিল আর্জেন্টিনা।
আজ রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাসে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
খেলা শুরু হতেই প্রথম মিনিটেই আক্রমণে যায় সুইজারল্যান্ড। জিবরিল সও-এর পাস থেকে বক্সের ডান প্রান্ত ধরে জায়গা বানিয়ে নিয়ে ডান পায়ে শট নেন ডেনিস জাকারিয়া। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ দারুণভাবে সেই শটটি প্রতিহত করে দেয়।
ম্যাচের সপ্তম মিনিটে বক্সের বাইরে ফাঁকায় বল পান সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিট জাকা। বাম পায়ে একটি দূরপাল্লার জোড়ালো শট নিলেও বল গোলপোস্টের অনেক ওপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।
এরপর নবম মিনিটে ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। প্রথমে লিওনেল মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ডান পায়ে জোড়ালো শট নেন, সেটি আটকে দেন সুইস ডিফেন্ডাররা।
এর ঠিক পরের মুহূর্তে মেসির নেওয়া কর্নার কিক থেকে ছয় গজ বক্সের ডান প্রান্ত ধরে দারুণ হেড করেন সেই ম্যাক অ্যালিস্টারই, তবে বল পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় আলবিসেলেস্তেরা।
দশম মিনিটেই টানা আক্রমণের পুরস্কার পেয়ে যায় আর্জেন্টিনা। এবার আর ভুল করেননি ম্যাক অ্যালিস্টার। লিওনেল মেসির নিখুঁত কর্নার ক্রস থেকে ছয় গজ বক্সের বাম প্রান্তে লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক