শেষ দিনে ঘুরে দাঁড়ানোর আশায় হাসান মাহমুদ
জয়ের স্বপ্ন নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। অথচ দিন শেষে সেই স্বপ্নই রূপ নিয়েছে টিকে থাকার লড়াইয়ে। জোহানেসবার্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার হাতছানি ছিল টাইগারদের সামনে। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের তোপে এখন উল্টো হারের শঙ্কায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যস্ত দল। সামনে এখন কেবল শেষ দিনের কঠিন পরীক্ষা। এমন পরিস্থিতিতে বাস্তবতা মেনে নিয়েছেন পেসার হাসান মাহমুদ। তার মতে, এই মুহূর্তে জয়ের চিন্তার চেয়ে ম্যাচ বাঁচানোই বড় চ্যালেঞ্জ। তবে প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানোর স্মৃতি থেকেই শেষ দিনের লড়াইয়ের অনুপ্রেরণা খুঁজছেন তিনি।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের শুরুতেও জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সকালে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দিতে না পারায় বড় সংগ্রহ পেয়ে যায় স্বাগতিকরা। এরপর মেঘলা কন্ডিশনে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের পেস সামলাতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর কারণ ব্যাখ্যা করেন ইনিংসে ৪ উইকেট নেওয়া হাসান। তার মতে, প্রতিপক্ষের টেইলএন্ডারদের বিপক্ষে চাপ ধরে রাখতে না পারার খেসারতই দিতে হয়েছে বাংলাদেশকে। তার ভাষায়, “আমার কাছে মনে হয় ওদের টেইলএন্ডাররা যখন এসেছিল, তখন একটু রান লিক হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম এক জায়গায় ডিসিপ্লিন্ড বোলিং করে যাওয়ার, কিন্তু সামহাউ সেটা হয়নি। ওদের ওপর ওরকম চাপ তৈরি করতে পারিনি। এরপর ওরা ভালো একটা স্কোর গড়ে ফেলে এবং আমরা ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারিয়ে ফেলি।”
তিনটি ক্যাচ হাতছাড়া না হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত, এমন আলোচনাও রয়েছে। হাসানও স্বীকার করেছেন, ক্যাচগুলো নেওয়া উচিত ছিল। তবে ফিল্ডারদের চেষ্টায় কোনো ঘাটতি ছিল না বলেই মনে করেন এই পেসার। তিনি বলেন, “অনেস্টলি বলতে গেলে, ক্যাচ তো অবশ্যই ধরতে হবে। তবে এটা ক্রিকেটেরই অংশ, মিস হতেই পারে। কেউই চায় না হাতের ক্যাচ ফেলতে। আমরা স্লিপ ক্যাচিং নিয়ে অনেক প্র্যাকটিস করছি, ফিল্ডিংয়ে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।”
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শেষদিকে ভালো করলেও বাংলাদেশের ব্যাটাররা কেন দ্রুত উইকেট হারালেন, সেই প্রশ্নে কন্ডিশনের পার্থক্যকে সামনে আনলেন হাসান। তার মতে, দুই দলের ব্যাটিংয়ের সময় উইকেটের আচরণ একরকম ছিল না। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওদের সময় উইকেট ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে নামি, তখন আকাশ মেঘলা ছিল, বৃষ্টির ভাব ছিল। উইকেটের আচরণ কিছুটা বদলে গিয়েছিল। নতুন বলে রাবাদা ও ইয়ানসেন দুই পাশ থেকে সিম মুভমেন্ট পাচ্ছিল। আমাদের ব্যাটাররা কঠিন একটা সময় পার করেছে।”
পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য, হার এড়িয়ে ম্যাচ বাঁচানো। প্রথম ইনিংসে মাত্র ২০-৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত ৪০০ রানের গণ্ডি পেরিয়েছিল দল। সেই ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতাই এখন হাসানের আত্মবিশ্বাসের বড় জায়গা। তার ভাষায়, “এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই। ব্যক্তিগতভাবে আমি মন থেকে বিশ্বাস করি আমরা পারব। কারণ প্রথম ইনিংসেও ২০-৩০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আমরা ৪০০ রান করেছিলাম। কাল যদি আমরা দুই-তিনটা ভালো পার্টনারশিপ গড়তে পারি, তাহলে অবশ্যই নিজেদের সেভ করতে পারব।” হাসানের বিশ্বাস, উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো। তাই শেষ দিনে ব্যাটাররা ধৈর্য ধরে ক্রিজে টিকে থাকতে পারলে জোহানেসবার্গ থেকে ড্র নিয়ে ফেরার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

স্পোর্টস ডেস্ক