মেসি ফিফার সুবিধা পান? সমালোচকদের পাল্টা প্রশ্ন ইব্রাহিমোভিচের
২০২৬ বিশ্বকাপের উত্তাপ যত বাড়ছে, মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিং সিদ্ধান্ত নিয়েও ততই আলোচনা তৈরি হচ্ছে। বিতর্কিত কিছু সিদ্ধান্ত ঘিরে সমালোচনার মধ্যেই এবার মুখ খুলেছেন সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। সাবেক এই তারকা মনে করেন, সাম্প্রতিক সমালোচনার আসল লক্ষ্য আর্জেন্টিনা নয়, বরং লিওনেল মেসি।
আর্জেন্টিনার রাউন্ড অব ১৬ ম্যাচের পর কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে বিতর্ক শুরু হয়। তবে জ্লাতানের দাবি, এই সমালোচনা শুধুমাত্র ন্যায্যতার প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং মেসির প্রতি থাকা দীর্ঘদিনের বিরোধিতাও এর পেছনে কাজ করছে।
ইব্রাহিমোভিচ বলেন, ‘আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা আর্জেন্টিনার বিরুদ্ধে নয়, এটি মূলত মেসিকে লক্ষ্য করে।’ তার মতে, মেসি বা আর্জেন্টিনার পক্ষে কোনো সিদ্ধান্ত গেলে সেটি নিয়ে সমালোচনা অনেক বেশি তীব্র হয়ে ওঠে।
নিজের বক্তব্যের সমর্থনে জ্লাতান ফ্রান্স-মরক্কো ম্যাচের একটি বিতর্কিত মুহূর্তের উদাহরণ দেন। তিনি দাবি করেন, কিলিয়ান এমবাপ্পের প্রথম গোলের আগে আদ্রিয়েন রাবিওর হ্যান্ডবল হয়েছিল, যা বাতিল করা উচিত ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে একই মাত্রার আলোচনা হয়নি বলে মনে করেন তিনি।
এদিকে, যারা আগে অভিযোগ করেছিলেন যে ফিফা মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখাচ্ছে, তাদের নিয়েও প্রশ্ন তুলেছেন জ্লাতান। তিনি বলেন, ‘যারা বলেছিল মেসির প্রতি ফিফার পূর্ণ সমর্থন রয়েছে, তারা এখন কোথায়? তাদের আর দেখা যাচ্ছে না।’
জ্লাতানের মন্তব্য আবারও সামনে এনেছে ফুটবলের সবচেয়ে আলোচিত দ্বন্দ্ব মেসি বনাম রোনালদো। তিনি দাবি করেছেন, রোনালদোর কিছু সমর্থক এখনো মেসির সাফল্য সহজভাবে মেনে নিতে পারেন না। বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে রেফারিং, ভিএআর এবং পক্ষপাতের অভিযোগ নিয়ে বিতর্ক যে আরও চলবে, তা বলাই যায়।

স্পোর্টস ডেস্ক