আক্রমণে একচেটিয়া ফ্রান্স, তবুও গোলশূন্য প্রথমার্ধ
কাগজে-কলমে ফ্রান্স এগিয়ে, মরক্কো চমকের অপেক্ষায়। প্রথমার্ধে অবশ্য খুব বেশি চমক দেখাতে পারল না মরক্কো। একের পর এক আক্রমণ করে গের ফ্রান্স। সেটার সুফলও আসলো। কিন্তু পেনাল্টি মিস করে সেই সুযোগ হারাল ফরাসিরা। ফলে প্রথমার্ধে জাল খুঁজে পায়নি কোনো দলই।
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার (১০ জুলাই) ফ্রান্স ও মরক্কোর লড়াইয়ে প্রথমার্ধ শেষে স্কোরলাইন গোলশূন্য সমতা। তবে স্কোর সমান থাকলেও খেলায় স্পষ্ট আধিপত্য ছিল ফরাসিদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স। প্রথমার্ধে তারা একের পর এক আক্রমণ সাজিয়ে মোট ১০টির বেশি শট নেয়, যার মধ্যে অন্তত ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, মরক্কো পুরো প্রথমার্ধে কার্যত আক্রমণ গড়তেই পারেনি, গোলমুখে উল্লেখযোগ্য কোনো শটও নিতে পারেনি।
পরিসংখ্যান বলছে, বল দখলে সামান্য এগিয়ে ছিল মরক্কো, প্রায় ৫১ শতাংশ। ফ্রান্সের দখল ছিল ৪৯ শতাংশের কাছাকাছি।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ফ্রান্স। চতুর্থ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের শট দিয়ে প্রথম হুমকি। একই মিনিটে কর্নার থেকে দায়ো উপামেকানোর হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনু।
দশম মিনিটে এমবাপ্পের পাস থেকে দেজিরে দুয়ের শট ব্লক হয়। ১৮তম মিনিটে ওসমান দেম্বেলের হেড বাইরে যায়, আরেকটি শটও ঠেকান বুনু। প্রথম ২০ মিনিটেই একাধিক আক্রমণে মরক্কোর রক্ষণ কাঁপিয়ে দেয় ফ্রান্স।
ম্যাচের ২৫তম মিনিটে ধারাবাহিক আক্রমণের সুফল পেয়েছিল ফ্রান্স। ডিফেন্সে গড়বড় করে বসে মরক্কো। বক্সের মধ্যে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অবশ্য ২৭তম মিনিটে পেনাল্টি মিস করেন এমবাপ্পে।
ম্যাচের মাঝামাঝি সময়েও একই চিত্র। ৩৫ ও ৩৬তম মিনিটে কর্নার থেকে জুল কুন্দের হেড ব্লক হয়। শেষ দিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে মানু কোনো দূরপাল্লার শট নিলেও সেটিও রক্ষণে আটকে যায়।
অন্যদিকে, মরক্কো পুরো প্রথমার্ধে খুব কম আক্রমণে উঠতে পেরেছে। মাঝমাঠে ব্রাহিম দিয়াজ, আজেদিন উনাহি ও বিলাল এল খান্নুস ফাউল আদায় করে খেলার গতি কমানোর চেষ্টা করেছেন, তবে গোলমুখে কার্যকর আক্রমণ গড়তে পারেননি।
সব মিলিয়ে, এমবাপ্পে, দেম্বেলে, দুয়ে, উপামেকানোদের নেতৃত্বে ফ্রান্স একের পর এক আক্রমণ সাজালেও মরক্কোর দৃঢ় রক্ষণ এবং বুনুর দারুণ পারফরম্যান্সে গোলের দেখা পায়নি কেউই। ফলাফল, আধিপত্য ফ্রান্সের হলেও প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

স্পোর্টস ডেস্ক