রোনালদোকে নিজের দলই ‘বয়কট’ করেছে, বিস্ফোরক দাবি বিশ্বকাপজয়ী তারকার
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার পর্তুগিজ সুপারস্টারের পক্ষে মুখ খুলেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ও ১৯৯৮ বিশ্বকাপজয়ী ইউরি জোরকায়েফ। তার দাবি, পুরো টুর্নামেন্টজুড়ে ক্রিস্টিয়ানো রোনালদো নিজের সতীর্থদের কাছ থেকে প্রাপ্য সহযোগিতা পাননি। বরং অনেক মুহূর্তে মনে হয়েছে, ইচ্ছাকৃতভাবেই তাকে খেলার বাইরে রাখা হয়েছে।
স্পেনের বিপক্ষে পর্তুগালের বিদায়ের পর আরএমসি স্পোর্টসের ‘আফটার ফুট’ অনুষ্ঠানে জোরকায়েফ বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন ফুটবলারকে দলে রাখলে তার সামর্থ্যকে কাজে লাগানোর মতো করেই পুরো দলের কৌশল সাজানো উচিত। কিন্তু পর্তুগালের খেলায় সেই পরিকল্পনার কোনো ছাপ দেখা যায়নি।
জোরকায়েফ বলেন, ‘আপনি যদি ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে রাখেন, তাহলে দলকে তার জন্য খেলতে হবে। কিন্তু সেটাই হয়নি। অনেক সময় মনে হয়েছে, সতীর্থরা তাকে বল দিতেই চাইছিল না। এমন অবস্থানেও তাকে রাখা হয়নি। যেখানে সে সবচেয়ে বেশি কার্যকর হতে পারত। তাই হয় তাকে দলে নেবেন না, আর যদি নেন, তাহলে পুরো দলকে তার শক্তিকে কাজে লাগানোর জন্য প্রস্তুত করতে হবে।’
ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই সাবেক তারকার মতে, আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। পুরো টুর্নামেন্টে ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সতীর্থদের মধ্যে সমন্বয়ের অভাবও স্পষ্ট ছিল বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, টুর্নামেন্টের শুরু থেকেই পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। উদ্বোধনী ম্যাচের পর সেই বিতর্ক আরও তীব্র হয়। জোরকায়েফের এই মন্তব্য নতুন করে সেই আলোচনার আগুনে ঘি ঢালল।

স্পোর্টস ডেস্ক