মেসির পেনাল্টি মিস, হতাশ আর্জেন্টিনা
আক্রমণ-প্রতিআক্রমণের খেলায় সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিসর। কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি।
ম্যাচের ১৯তম মিনিটে বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। বল নিয়ে নিকোলাস তাগলিয়াফিকো বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করেন মিসরের ডিফেন্ডার হাইসেম হাসান। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
পেনাল্টি নিতে আসেন মেসি। ডানপায়ের শটে ডান কর্ণার দিয়ে বল জালে জড়াতে চেয়েছিলেন তিনি। তবে বলের লাইনে ঝাপিয়ে পড়ে সেটি আটকে দেন গোলরক্ষক মোস্তফা।
আর্জেন্টিনাকে স্তব্ধ করে এগিয়ে গেল মিসর
শুরু থেকেই বল দখলের লড়াইয়ে সমানে সমান লড়াই করছিল দুই দল। আর্জেন্টিনা আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও সুযোগ খুঁজছিল মিসর। সেটিও পেয়েও যায় তারা। দারুণ হেডে মিসরকে লিড এনে দেন ইয়াসের ইব্রাহিম।
মারওয়ান আতিয়ার নেওয়া কর্নার থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে বক্সের মাঝখান থেকে দুর্দান্ত হেডে বল জড়ান ইয়াসের ইব্রাহিম। তার হেড আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে জালের নিচের ডান কোণে আশ্রয় নেয়।
ইয়াসের ইব্রাহিমের এই গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিসর। গোল হজমের পর সমতায় ফিরতে আক্রমণের গতি বাড়ায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক