নতুন পথের সন্ধানে ব্রাজিল কোচ
শেষ ষোলো থেকে বিদায়ের হতাশা নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করেছে ব্রাজিল। তবে এই ধাক্কাকে ভবিষ্যতের প্রেরণায় রূপ দিতে চান দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার ভাষায়, এই ব্যর্থতাই হতে পারে ব্রাজিল ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারের পর ম্যাচ শেষে কথা বলেন আনচেলত্তি। তিনি স্বীকার করেন, পুরো দলই হতাশ। তবে পারফরম্যান্স নিয়ে পুরোপুরি নেতিবাচক নন এই ইতালিয়ান কোচ।
আনচেলত্তি বলেন, 'সবাই ভীষণ হতাশ। আমরা অসাধারণ বিশ্বকাপ খেলিনি, তবে খারাপও খেলিনি। আমার বিশ্বাস, এই ম্যাচটি জেতার সামর্থ্য আমাদের ছিল।'
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিল ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। সেই মুহূর্তটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় নরওয়ে।
শেষ দিকে আর্লিং হালান্ডের জোড়া গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও তা শুধুই ব্যবধান কমায়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের।
এই হারকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথাই বলেছেন আনচেলত্তি। তিনি জানান, এমন পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
তার ভাষায়, 'এ ধরনের হার মেনে নিতে সময় লাগে। এটি আমাদের জন্য নতুন যাত্রার অংশ। এখন নিজেদের আরও শক্ত করতে হবে এবং উন্নতির পথ খুঁজে নিতে হবে।'

স্পোর্টস ডেস্ক