কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে এগিয়ে গেল আর্জেন্টিনা
নির্ধারিত সময়ের শেষদিকে মুহূর্মহূ আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। কেপ ভার্দের গোলরক্ষকের নৈপূন্যে হতাশ হতে হচ্ছিল আর্জেন্টিনা। তবে যোগ করা সময়ের শুরুতেই ভোজিনহাকে পরাস্ত করলেন লিসান্দ্রো মার্টিনেজ। আবারও ম্যাচে লিড নিল আর্জেন্টিনা।
আজ শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা আর কেপ ভার্দে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২-১ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে আর্জেন্টিনা। মাঝে মধ্যে কেপ বার্দের রক্ষণে হানা দিলেও বেশিরভাগ সময় কাটে মাঝমাঠেই। বিপরীতে, কেপ ভার্দে সুযোগ পেলেই প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করে।
এর মাঝেই ম্যাচের ২৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মাঝমাঠ থেকে দ্রুত পাসিং মুভে বল নিয়ে এগিয়ে আসে বক্সের সামনে। সেখান থেকে বল পেয়ে বাম পায়ের নিয়ন্ত্রিত শটে গোলরক্ষকে পরাস্ত করেন লিওনেল মেসি। গোলকিপারের ডান পাশ ঘেঁষে জালে জড়িয়ে যায়।
গোলের পরও একই ধারায় চলতে থাকে ম্যাচ। বল দখলে রেখে ডান দিক দিয়ে একাধিক ক্রস এবং বক্সের বাইরে থেকে শট নেয় আলবিসেলেস্তেরা। তবে প্রধমার্ধে গোলের দেখা আর পায়নি কোনো দলই। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেও বদলায়নি ম্যাচের চিত্র। ম্যাচের ৫২তম মিনিটে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ডি-বক্সের মধ্যে লং বল বাড়িয়েছিলেন মেসি। পাশে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বেড়িয়ে যেতে পারলেও বল রিসিভ করতে পারেননি অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।
পরের মিনিটে আক্রমণে ওঠেছিল কেপ ভার্দেও। ডি-বক্সের ডানদিক থেকে কাট ব্যাক করা বল পেয়ে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে চেষ্টা করেছিলেন ডেরয় দুয়ার্তে। সেটি ঝাপিয়ে পড়ে আটকে দেন মার্টিনেজ।
ম্যাচের ৫৮তম মিনিটে আর্জেন্টিনাকে চমকে দিয়ে সমতা ফেরায় কেপ ভার্দে। বক্সের ডানপ্রান্ত দিয়ে বল দেওয়া-নেওয়া করতে করতে বক্সের মধ্যে ঢুকে পড়ে কেপ ভার্দের রায়ান মেন্ডিস আর ডেরয় দুয়ার্তে। ডিফেন্স চেরা পাসে দুয়ার্তেকে খুঁজে নেন রায়ান। দারুণ ফিনিশিংয়ে মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি।
ম্যাচের ৭১তম মিনিটে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। সেটি আটকাতে বক্সের বাইরে ফাউল করে কেপ ভার্দের ফুটবলার। বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে বাঁকানো শটে গোলের খোঁজে ছিলেন মেসি। কিন্তু দারুণ দক্ষতায় সেটি আটকে দেন গোলরক্ষক ভোজিনহা।
৮০তম মিনিটে আরও একবার আর্জেন্টিনাকে হতাশ করে কেপ ভার্দে। দারুণ একটি আক্রমণ সাজিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু দারুণ ডিফেন্সে ম্যাচে ব্যবধান বাড়তে দেয়নি বিশ্বকাপের নবাগত দলটি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে গতিময় বাঁকানো শট নিয়েছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তবে ভোজিনহার দক্ষতার কাছে পারেদেসের এই শটও পরাস্ত হয়। বল গ্লাভসবন্দি করেন ভোজিনহা।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও প্রিয় জায়গায় ফ্রি-কিক পেয়েছিলেন মেসি। এবার সবাইকে বোকা বানাতে উচু বাকানো শট নয়, নিচু শট নিয়েছিলেন তিনি। এই শটও আটকে দেন গোলরক্ষক। দ্বিতীয় প্রচেষ্টায় আবারও হেড নিয়েছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। তবে সহজেই সেটি গ্লাভসবিন্দি করেন ভোজিনহা।
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলের সমতায় থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য যেতে হয় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টারের পাস ধরে বক্সের মধ্যে ঢুকে দারুণ ফিনিশিংয়ে ভোজিনহাকে পরাস্ত করেন লিসান্দ্রো মার্টিনেজ। ২-১ গোলের লিড পায় আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক