আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা
কেপ ভার্দের চেয়ে সবদিক থেকেই এগিয়ে আর্জেন্টিনা। ফলে এ ম্যাচে স্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামবে আলবিসেরেস্তেরা। তবে, গ্রুপ পর্বে স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে চমক দেখিয়ে আলোচনায় এসেছে। যেকারণে সতর্ক থেকেই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু এই ম্যাচটি ঘিরে এখন দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। স্থানীয় আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, ভেন্যু এলাকায় তীব্র ঝড় ও শক্তিশালী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মায়ামির আকাশ এখন মেঘলা এবং আবহাওয়া বেশ প্রতিকূল। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটারের মধ্যে বজ্রপাত হলে, ঝুঁকি এড়াতে ম্যাচ বন্ধ রাখা বাধ্যতামূলক। এমন পরিস্থিতি তৈরি হলে খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।
ফিফার নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, বজ্রপাত থামার পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। যদি ওই সময়ের মধ্যে আবারও বজ্রপাত হয়, তবে নতুন করে আবার ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হবে।
ফলে ম্যাচটি আদৌ সময়মতো শুরু হবে কি না, তা নিয়ে এখন বড় শঙ্কা তৈরি হয়েছে। তবে আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে খেলা শুরুর আগে খেলোয়াড়দের ওয়ার্ম-আপের জন্য বাড়তি পাঁচ মিনিট সময় দেওয়া হবে।
প্রকৃতির এই বৈরী পরিস্থিতি ছাড়াও আজকের ম্যাচটি আর্জেন্টিনা দলের জন্য একটি বিশেষ মাইলফলক। কোচ লিওনেল স্কালোনির কোচিং ক্যারিয়ারের এটি ১০০তম ম্যাচ। শততম ম্যাচে স্কালোনির শিষ্যরা কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে পারে কি না, সেটি দেখার অপেক্ষায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত।

স্পোর্টস ডেস্ক