জোহানেসবার্গ টেস্ট
উইকেটশূন্য হতাশার সেশন বাংলাদেশের
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা হতাশায় কাটল বাংলাদেশের। ব্যাট হাতে ৪০০ রানের সংগ্রহ দাঁড় করানোর পর বোলিংয়ে নেমে শুরুতে একটি উইকেট পেলেও পরের সেশনে আর কোনো সাফল্যের দেখা পায়নি তারা। উল্টো ব্যাট হাতে দাপট দেখিয়ে রান তুলছে দক্ষিণ আফ্রিকা। ওভারপ্রতি প্রায় পাঁচ রান করে তুলে এই সেশনে ১১১ রান যোগ করেছে স্বাগতিকরা। জুবায়ের হামজা ও মার্কাস অ্যাকারম্যানের অবিচ্ছিন্ন জুটিতে এগিয়ে যাচ্ছে প্রোটিয়ারা।
সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে ফিরিয়ে আশার আলো দেখিয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু সেই সাফল্যের পর আর কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটের জন্য অপেক্ষা বেড়েছে, আর স্বাগতিক ব্যাটাররা হয়েছেন আরও আত্মবিশ্বাসী। তাসকিন, হাসানসহ দলের চার বোলারকেই ব্যবহার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু কোনো বোলারই হামজা ও অ্যাকারম্যানের জুটি ভাঙতে পারেননি। চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৯ রান।
অন্যদিকে ক্রিজে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। বিশেষ করে আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের চাপে রেখেছেন অ্যাকারম্যান। দ্রুত রান তোলার পথে তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতকও। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন হামজা। দুজনের দায়িত্বশীল ও কার্যকর ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক