বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
আইসিসির চেয়ারম্যান পদে জয় শাহর পুনর্নিয়োগ নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতিই তৈরি হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
আজ ১৬ নভেম্বর (সোমবার) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের সমর্থনে তার নতুন মেয়াদ নিশ্চিত করা হয়। নতুন মেয়াদে ২০৩০ সালের শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির শীর্ষ পদে থাকবেন জয় শাহ। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবারের মতো আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ওই বছরের ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।
আইসিসির দায়িত্ব নেওয়ার আগে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব হিসেবে কাজ করেছেন জয় শাহ। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিবৃতিতে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের এবং একই সঙ্গে দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
আগামী দিনগুলোকে ক্রিকেটের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইসিসির এই প্রধান। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে খেলাটির বৈশ্বিক বিস্তারের বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
জয় শাহর ভাষায়, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’

স্পোর্টস ডেস্ক