রোনালদোর অবসরের সময় জানাল তার পরিবার
নকআউটে পর্তুগালের প্রথম ম্যাচে সবার নজর ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছেন। নকআউটে পর্তুগালের হার মানে রোনালদোর বিশ্বকাপ যাত্রা শেষ। শুধু বিশ্বকাপ নয়, আন্তর্জাতিক ফুটবলকেই খুব শিগগির বিদায় জানাবেন সিআরসেভেন, এমনটিই জানিয়েছেন তার বোন।
রোনালদোর বোন কাতিয়ার বরাত দিয়ে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেন, ‘বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানাবেন রোনালদো।’
নিজের শেষ বিশ্বকাপটা উপভোগ করছেন সিআরসেভেন। প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন। হতাশা ছিল নকআউট পর্ব নিয়ে। এর আগে ৮ ম্যাচ খেললেও সেখানে গোল পাননি। আজ ৬৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সেই অতৃপ্তিও ঘুচিয়েছেন সিআরসেভেন। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
শুধূ তাই নয়। কানাডার টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২- এর ম্যাচে মাঠে নেমে নতুন এক ইতিহাস গড়লেন পর্তুগিজ সুপারস্টার। ৪১ বছর ৪ মাস ২৭ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন তিনি।
এর আগে এই রেকর্ডটি ছিল বসনিয়া ও হার্জেগোভিনার এদিন জেকোর দখলে। তবে চলতি বিশ্বকাপে জেকোকে টপকে নতুন এই কীর্তি নিজের করে নিলেন রোনালদো। তার ঠিক পরেই এই তালিকায় আছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। তার বর্তমান বয়স ৪০ বছর ২৯৬ দিন। তালিকায় তৃতীয় স্থানে থাকা জেকোর বয়স ছিল ৪০ বছর ১০৬ দিন।

স্পোর্টস ডেস্ক