মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ জর্ডানের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। ‘জে’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করে ফেলা আলবিসেলেস্তেরা ডালাস স্টেডিয়ামে নামবে নিয়মরক্ষার ম্যাচে।
নকআউট পর্বের কথা মাথায় রেখে জর্ডানের বিপক্ষে নিয়মিত একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ স্কালোনি। সবচেয়ে আলোচনায় ছিল অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ জানিয়েছেন, মেসিকে এই ম্যাচে শুরুর একাদশে রাখা হচ্ছে না।
তবে সমর্থকদের জন্য সুখবর হলো, পরিস্থিতি অনুকূলে থাকলে ম্যাচের কোনো এক পর্যায়ে তাকে মাঠে দেখা যেতে পারে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত হওয়ায় এই ম্যাচে মূলত বেঞ্চের শক্তি পরীক্ষা করবেন স্কালোনি।
আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচটি বাংলাদেশের দর্শকরা ঘরে বসেই সরাসরি দেখতে পারবেন। টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।
নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ধরে রাখতে এবং নকআউটের আগে আত্মবিশ্বাস তুঙ্গে রাখতে আজকের ম্যাচটিতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না আর্জেন্টিনা। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া জর্ডান তাদের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সম্মানজনক পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

স্পোর্টস ডেস্ক