বল দখলে স্পেনের একচ্ছত্র রাজত্ব, বিরতিতে গেল এগিয়ে থেকে
চেনা কৌশল বদলে মাঠে নামল উরুগুয়ে। আক্রমণাত্মক ফুটবলের বদলে বেছে নিল রক্ষণাত্মক ফুটবল। সেই সুযোগ নিয়ে বল দখলে রেখে শুরু থেকেই চাপ তৈরি করছিল স্পেন। সেভাবে সুবিধা করতে না পারলেও প্রথমার্ধের শেষ দিকে তালগোল পাকিয়ে ফেলল উরুগুয়ের রক্ষণ। এগিয়ে গেল স্পেন।
আজ শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে স্পেন।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে স্পেন। বিপরীতে, লো-ব্লক ডিফেন্সে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে উরুগুয়ে। যদিও সেভাবে সুযোগ কাজে লাগাতে পারছে না তারা।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি লামিনে ইয়ামাল। উরুগুয়ের ডিফেন্ডার সেবাস্তিয়ান ক্যাকেরেসের উদ্দেশ্যে বাড়ানো ব্যাক-পাস রিসিভ করে নিয়েছিলেন ইয়ামাল ঠিকই। কিন্তু প্রথম দফায় সেটির নিয়ন্ত্রণ নিতে পারেননি তিনি। ততক্ষণে নিজেদের গুছিয়ে নেয় উরুগুয়ের ডিফেন্স।
ম্যাচের সপ্তম মিনিটে ভুল করে বসেছিল স্পেনও। আরাউহোর নেওয়া ফ্রি-কিক আটকাতে সামনে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক উনাই সিমোন। কিন্তু বল তার হাতের ফাঁক গলে বেরিয়ে যায়। শেষ মুহূর্তে সেটি ক্লিয়ার করেন ডিফেন্ডাররা।
ম্যাচের ৩৫তম মিনিটে বামপ্রান্ত দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠে ডি-বক্সের বাইরে রদ্রিগো বেনটানকুরকে পাস দিয়েছিলেন আরাউহো। এরপর প্রায় ৪০ গজ বাইরে থেকে বুলেট গতির শট নিয়েছিলেন বেনটানকুর কিন্তু সেটি গোলবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
ম্যাচের ৪২তম মিনিটে ডিফেন্সে গোলমাল পাকিয়ে ফেরে উরুগুয়ে। ভুল করেন গোলরক্ষক মুসলেরাও। ডানপ্রান্ত দিয়ে আক্রমণের সূচনা করেন ইয়ামাল। দুইজনের পা হয়ে বল যায় আইমেরিক লাপোর্তের কাছে। তিনি ক্রস বাড়ান ডি-বক্সের মধ্যে। বক্সে থাকা উরুগুয়ের দুই ডিফেন্ডারের ফাঁকে সেটি রিসিভ করে শরীরটাকে ঘুরিয়ে দূরের পোস্টে শট নেন। বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জায়গা করে নেয় জালে।
শেস দিকে দারুণ একটি আক্রমণ তৈরি করেছিল উরুগুয়ে। তবে পেনাল্টি এরিয়ার কাছে থেকে নেওয়া ডারউইন নুনিয়েজের শট দারুণভাবে গ্লাভসবন্দি করেন গোলরক্ষক উনাই সিমন। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

স্পোর্টস ডেস্ক