পানামাকে বিদায় করে আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া
ম্যাচের শুরুতে লড়াই জমিয়ে তুলল পানামা। ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই করল সমানে সমান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বল দখলে নিয়ে ম্যাচে আধিপত্য দেখানোর চেষ্টা করল ক্রোয়েশিয়া। প্রথমার্ধে তেমন আক্রমণ করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নিল তারা।
ম্যাচের বাকি সময়ে লিড ধরে রেখে জয় তুলে নিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়াটরা। পানামা সময়ে সময়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সেটি সফল হতে দেননি ক্রোয়াট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কয়েকটি নিশ্চিত গোল আটকে পানামাকে হতাশ করেন তিনি।
আজ বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বোর ৫টায় কানাডার টরন্টোতে ‘এল’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া আর পানামা। দারুণ লড়াই শেষে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।
এই জয়ের পর দুই ম্যাচ খেলে সমান একটি করে জয় আর পরাজয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ক্রোয়েশিয়া। চার পয়েন্ট করে নিয়ে টেবিলে শীর্ষ দুই স্থানে রয়েছে ইংল্যান্ড আর ঘানা। আর দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট নেই পানামার।
নিজেদের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া সেই ম্যাচে জিতলে সেরা দুই দল হিসেবে নকআউটে যাবে ক্রোয়েশিয়া। হারলে বা ড্র করলে অপেক্ষা করতে হবে তৃতীয় স্থানে থাকা সেরা আট দলের একটি হওয়ার। অন্যদিকে, টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার।
আক্রমণ-প্রতিআক্রমণের ম্যাচে ১৮তম মিনিটে গোলের সবচেয়ে কাছে গিয়েছিল পানামা। ছয় গজ বক্সের মধ্যে থেকে হেড দিয়েছিলেন হোসে ফাহার্দো। লাফিয়ে উঠে গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ কোনোমতে বল স্পর্শ করে বলের লাইন পরিবর্তন করে দেন। তারপরও সেটি বিপদ মুক্ত হয়নি। তবে পানামার কপাল পুড়ে গোলবারে লেগে বলটি ফিরে আসায়।
ম্যাচের ৩৭তম মিনিটে আরেকটি আক্রমণ তৈরি করেছিল পানামা। তবে বক্সের মধ্যে উড়ে আসা বলে মাথা ছোঁয়ানোর কেউ ছিল না। সেই আক্রমণ থেকে গড়ে তোলা দ্বিতীয় আক্রমণটিও রুখে দেয় ক্রোয়েশিয়া।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলের সেরা সুযোগ তৈরি করেছিল ক্রোয়েশিয়া। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের বাইরে থেকে দারুণ শট নিয়েছিলেন মার্টিন বাটুরিনা। ঝাপিয়ে পড়ে সেটি কর্ণারের বিনিময়ে আটকে দেন গোলরক্ষক অরল্যান্ডো মোসকেরা।
আক্রমণে গতি আনতে দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন আনে ক্রোয়েশিয়া। ফলাফল পেতে বেশি সময় লাগেনি। ম্যাচের ৫৪তম মিনিটে বদলি নামা আন্তে বুদিমির ক্রোয়াটদের এগিয়ে নেন। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের মধ্যে ক্রস বাড়ান মার্কো পাশালিচ। ফাঁকায় থাকা বুদিমির সেটি জালে জুড়িয়ে দেন।
এক মিনিট পরই দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। তবে এবার গোলরক্ষকে একা পেয়েও গোল করতে পারেননি পাশালিচ। প্রতিআক্রমণে ওঠে পাশালিচকে ক্রস বাড়ান লুকা মদ্রিচ। বল নিয়ে বক্সে ঢুকে পড়ে গোলরক্ষক বরাবর শট নেন তিনি। ফিরতি বল পেলেও সেটি উড়িয়ে মারেন তিনি।
ম্যাচের ৬৫তম মিনিটে একের পর এক আক্রমণ হানে পানামা। টানা দুটি আক্রমণ রুখে দেন গোলরক্ষক লিভাকোভিচ। এর ৩ মিনিট পর ক্রোয়েশিয়াকে নিশ্চিত গোল থেকে রক্ষা করেন লিভাকোভিচ। ক্রোয়েশিয়ার তিন ডিফেন্ডারের মাঝে লাফিয়ে উঠে দারুণ হেড করেছিলেন আমির মুরিল্লো। তবে দারুণভাবে সেটি গোলবারের ওপর দিয়ে সেটি পাঠিয়ে দেন লিভাকোভিচ।
শেষ দিকে ম্যাচে ফেরার জন্য বেশ কিছু আক্রমণ চালায় পানামা। তবে সফল হতে পারেনি তারা। বিপরীতে, ক্রোয়াটরাও আর জাল খুঁজে পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

স্পোর্টস ডেস্ক