ঘরের মাঠেই ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের গোল বন্যা
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা যেন শুরু থেকেই একপেশে করে ফেলেছিল ইংল্যান্ড। একতরফা এই ম্যাচে যেন দাড়াতেই পারে নি লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। প্রথমার্ধেই ৪-০। ক্রোয়েশিয়া যেন ম্যাচ থেকে তখনই ছিটকে যায়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চাইলে ও সে রকম কোনো সুযোগই দেয়নি টমাস টুখেলের দল।
ম্যাচ শুরুর মাত্র ৮ মিনিটেই গোলের খাতা খোলেন অধিনায়ক হ্যারি কেইন। এরপর ২১ মিনিটে জুড বেলিংহাম, ৩৯ মিনিটে অ্যান্থনি গর্ডন এবং প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন বুকায়ো সাকা। বিরতিতে ৪-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধেও বদলায়নি ম্যাচের চিত্র। ব্যবধান কমানোর কোনো সুযোগই তৈরি করতে পারেনি ক্রোয়েশিয়া। বরং ইংল্যান্ডের আক্রমণের সামনে একের পর এক অসহায় হয়ে পড়েছে স্বাগতিকরা। বিরতির পর আরও তিনবার ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের দল।
এই জয় শুধু তিন পয়েন্টের হিসাব নয়, টুখেলের অধীনে ইংল্যান্ডের সাম্প্রতিক পথচলায় এটি ছিল বড় এক বার্তা। বিশ্বকাপের পর ইংলিশ সংবাদমাধ্যমে টুখেলের কৌশল নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। স্পেনের বিপক্ষে হার কিংবা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়, কোনো ম্যাচেই যেন সেই প্রশ্নগুলোর পুরোপুরি উত্তর পাওয়া যাচ্ছিল না। ক্রোয়েশিয়ার বিপক্ষে অবশ্য মাঠের পারফরম্যান্সেই সেই উত্তর দিয়েছে ইংল্যান্ড।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে হারানোই বলে দিচ্ছে ইংল্যান্ড কতটা আধিপত্য বিস্তার করেছিল। এই পরাজয় ক্রোয়েশিয়ার জন্য আরও বিব্রতকর হয়ে উঠেছে একটি কারণে। নিজেদের মাঠে এর আগে কখনো এত বড় ব্যবধানে হারেনি তারা।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে হ্যারি কেইনের জন্য। জোড়া গোল করে ইংল্যান্ডের হয়ে তার মোট গোলসংখ্যা এখন ৮৯। সাকাও করেছেন দুটি গোল। বেলিংহাম ও গর্ডনের পাশাপাশি স্কোরশিটে নাম তুলেছেন আরও কয়েকজন। প্রথম একাদশে সুযোগ পাওয়া অ্যালেক্স স্কটও নজর কেড়েছেন নিজের পারফরম্যান্স দিয়ে। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার এমন পারফরম্যান্সের পর একাদশে নিজের জায়গা ধরে রাখার দাবি আরও জোরালো করেছেন।
অন্যদিকে ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদ্রিচের জন্য রাতটি ছিল হতাশার। ম্যাচের ৫৭ মিনিটে, তখন স্কোরলাইন ৫-০, তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। মাথায় হেডব্যান্ড, মুখে হতাশার ছাপ নিয়ে মাঠ ছাড়তে হয় দীর্ঘদিনের এই তারকাকে।
মদ্রিচের হতাশা যেন প্রতিফলিত হয়েছে পুরো ক্রোয়েশিয়া দলের পারফরম্যান্সেই। নিজেদের মাঠে এমন বড় পরাজয় তাদের জন্য দীর্ঘদিন মনে রাখার মতো এক দুঃস্বপ্ন হয়ে থাকবে।

স্পোর্টস ডেস্ক