ফ্রান্স শিবিরে শোকের ছায়া, দেশে ফিরছেন কোচ
ইরাকের বিপক্ষে দাপুটে জয়ের পর ফ্রান্স শিবিরে স্বস্তির হাওয়া বইছিল। কিন্তু সেটি বেশি সময় স্থায়ী হয়নি। দেশ থেকে উড়ে এসেছে দুঃসংবাদ। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফ্রান্স দলের প্রধান কোচ দিদিয়ে দেশমের মা।
মায়ের মৃত্যর খবর পেয়ে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দেশম। ফলে আগামী ২৬ জুন নরওয়ের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে দেখা যাবে না এই বিশ্বকাপজয়ী কোচকে।
মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোচের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকালেই দুঃসংবাদটি পান দেশম। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে এবং মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি দ্রুত ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ফেডারেশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে কোচ দলের সঙ্গে থাকতে পারছেন না। দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচদের একজন ওই ম্যাচে দলের হাল ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
বোস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও নরওয়ের এই ম্যাচটি বাংলাদেশ সময় ২৬ জুন রাত ১টায় শুরু হবে। নকআউট পর্বের সমীকরণের মুখে দাঁড়িয়ে দলের প্রধান কোচের দেশমের না থাকা ফ্রান্সের জন্য কিছুটা অস্বস্তির কারণ।

স্পোর্টস ডেস্ক