অস্ট্রিয়ার বিপক্ষে সেই শঙ্কাই সত্যি হলো আর্জেন্টিনার
দাপুটে পারফরম্যান্সে আলজেরিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেদের সামনে বাধা অস্ট্রিয়া। আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয় পেলেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে চোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে, রাইট-ব্যাক পজিশন নিয়ে এতদিন যে শঙ্কা ছিল, তা-ই সত্যি হতে যাচ্ছে। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে মাঠের বাইরে থাকছেন গঞ্জালো মন্তিয়েল। তার পরিবর্তে একাদশে ডাক পাচ্ছেন নাহুয়েল মলিনা।
আরো পড়ুন : পরিসংখ্যানে কারা এগিয়ে, আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া?
আক্রমণভাগ নিয়ে স্কালোনি শুরুতে কিছুটা দোটানায় থাকলেও শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের ওপরই ভরসা রাখছেন তিনি। যদিও হুলিয়ান আলভারেজ চোট কাটিয়ে ফিরছেন, তবে এখনো পুরোপুরি ম্যাচ ফিটনেস না থাকায় তাকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নিচ্ছেন না কোচ।
আরো পড়ুন : নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা
মিডফিল্ড ও উইংয়ের সমন্বয় নিয়েও ছোটখাটো গুঞ্জন ছিল। থিয়াগো আলমাদা নাকি নিকোলাস গঞ্জালেস— শুরুতে কে নামবেন, তা নিয়ে আলোচনা থাকলেও আলমাদাই এগিয়ে আছেন। এছাড়া লেফট-ব্যাক পজিশনে ফাকুন্দো মেদিনাই থাকছেন। নিকোলাস তাগলিয়াফিকো কাফ ইনজুরি কাটিয়ে উঠলেও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন কোচ স্কালোনি।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা (অথবা নিকোলাস গঞ্জালেস), লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

স্পোর্টস ডেস্ক