সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের ঠিক আগমুহূর্তে বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এর আগে আজ ভোরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দলের সিনিয়র ডিফেন্ডার শিউলি আজিমের মা।
প্রিয়জনের বিদায়ের সংবাদে পুরো বাংলাদেশ শিবির শোকস্তব্ধ। আজ সকালে অনুশীলনের কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু এই খবরের পরে সকালের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। শিউলির মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শিউলি আজিম বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র ফুটবলার। চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি তার।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিউলির মা বাসনা আজিম দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্পোর্টস ডেস্ক