সান মারিনো ম্যাচের দলে বড় চমক বাংলাদেশের
সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে বড় চমক আনিসুর রহমান জিকো। দীর্ঘ ৩২ মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন তিনি। আজ সোমবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে।
২০২৩ সালের সেপ্টেম্বরে শেষবার বাংলাদেশ দলে খেলেছিলেন জিকো। এরপর নিষেধাজ্ঞা আর ফর্মহীনতার কারণে দল থেকে ব্রাত্যই হয়ে পড়েন। তবে ঘরোয়া লিগে নিজেকে আবারও প্রমাণ করেছেন। ৫টি ক্লিনশিট রেখেছেন তিনি। এরপরই জাতীয় দলে ডাক পেলেন ২০২৩ সাফের সেরা গোলরক্ষক।
জিকো ছাড়াও বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন আরও ১০ জন। আবাহনী থেকে ৭ জন এবং মোহামেডান থেকে ৩ জন খেলোয়াড় দলে সুযোগ পেয়েছেন।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হামজা চৌধুরী ও শমিত সোমরা সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন।
সানমারিনো ইতালির মধ্যে একটি দেশ। তাই বাংলাদেশ দল ইতালির ট্রানজিট ভিসা নিচ্ছে। ৩১ মে ইথিওপিয়ান এয়ারলাইন্সে বাংলাদেশ দলের ঢাকা ত্যাগ করার কথা।
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে বিকেলে দলের প্রথম অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ , সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, সাকিল হোসেন, ইসা ফয়সাল, মনজুরুর রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মো. রিদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ কিরমানি।
ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক