পরিসংখ্যানে কারা এগিয়ে, বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড?
বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সেই সুযোগ এসেছিল টাইগারদের সামনে। কিন্তু বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড নয়, সে ম্যাচ জিতেছিল বৃষ্টি। ফলে অপেক্ষা বেড়েছে তৃতীয় ম্যাচের।
আজ শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে।
আরো পড়ুন : সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
কাগজে-কলমের হিসাবে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল খেলা কিউইদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অবস্থান চার নম্বরে। বিপরীতে, বাংলাদেশ আছে পূর্ণ সদস্যের দেশগুলোর তালিকায় নিচের দিকে। র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান এখন নয় নম্বরে।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে কিউইদের জয় ১৫টি ম্যাচে। আর বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। শেষ ম্যাচ মাঠে না গড়ানোয় দুই দলের জয়-পরাজয়ের পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসেনি। এক থেকে দুইয়ে দাঁড়িয়েছে ফলাফল না আসা ম্যাচের সংখ্যা।
আরো পড়ুন : বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে সুখবর
তবে কাগজে-কলমের এই জটিল হিসাবের বাইরে নতুন অঙ্ক মিলিয়ে সফল টিম টাইগার্স। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে লিটন দাসের দল। সর্বশেষ খেলা ছয়টি সিরিজের মধ্যে পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ।
সাম্প্রতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাফল্য আর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস– দুটোই শেষ ম্যাচে এগিয়ে রাখবে লিটন দাসের দলকে। এর সঙ্গে মিরপুরের উইকেট তো হাতের তালুর মতোই চেনা টাইগার ক্রিকেটারদের। সবমিলিয়ে এগিয়ে থেকেই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক