শঙ্কা কাটিয়ে হামজা এখন ভিয়েতনামে
এশিয়ান কাপের মূলপর্বে যেতে না পারলেও পুরুষ জাতীয় ফুটবল দল কৃতিত্বের ছাপ রেখেছে পুরো বাছাইপর্বে। এর অন্যতম বড় কৃতিত্ব হামজা চৌধুরীর। আগামী ৩১ মার্চ এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। শেষটা ভালোভাবে করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচের আগে আগামী ২৬ মার্চ ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গত ২১ মার্চ জাতীয় দল দেশ ছাড়লেও হামজা যোগ দিয়েছেন আজ মঙ্গলবার (২৪ মার্চ)। বিকেলে দলের সঙ্গে টিম হোটেলে ওঠেন তিনি। সম্প্রতি চোটে পড়া হামজাকে নিয়ে শঙ্কা ছিল। তবে, তার আগমনে সব শঙ্কা কেটে গেছে।
গত ২২ মার্চ ভিয়েতনাম পৌঁছানোর কথা ছিল হামজার। তবে, তার ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় যেতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে আজ ভিয়েতনাম সময় বিকেল চারটায় পৌঁছান সেখানে।
দেশের ফুটবলে নতুন করে জোয়ার শুরু হয় হামজাকে দিয়ে। হামজার আগমনের পর বাংলাদেশও একটু একটু করে নিজেদের গুছিয়ে নিচ্ছে। তার দেখানো পথে হেঁটে প্রবাসীরা উদ্বুদ্ধ হচ্ছেন লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে। এটি মূলত দেশের ফুটবলের সম্ভাবনায় এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।

স্পোর্টস ডেস্ক