গাজার অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন হামজা
যুদ্ধের ভয়াবহতা, বাস্তুচ্যুতি, অপুষ্টি ও মানসিক ট্রমায় বিপর্যস্ত গাজার শিশুদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। তাদের জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে ১ লাখ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করেছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা জানান, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’ লন্ডনে আয়োজিত এই তহবিল সংগ্রহের উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকার জন্য নুজুম স্পোর্টসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান নুজুম স্পোর্টস একটি কমিউনিটিভিত্তিক ক্রীড়া সংগঠন ও কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি। বিশ্বজুড়ে মুসলিম ক্রীড়াবিদদের সহায়তা ও তাদের ক্ষমতায়নে কাজ করে প্রতিষ্ঠানটি।
ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা বর্তমানে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। মাঠে তার প্রধান ভূমিকা ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা রাইট-ব্যাক হিসেবে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করার পর বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সিতে খেলছেন।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা হামজা ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর লাল-সবুজের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ফুটবলের বাইরেও বিভিন্ন মানবিক ও দাতব্য উদ্যোগে তাঁর অংশগ্রহণ রয়েছে।
লন্ডনে আয়োজিত তহবিল সংগ্রহের অনুষ্ঠানটি সফল করতে যারা উপস্থিত হয়েছেন, অনুদান দিয়েছেন কিংবা নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামজা। বিশেষভাবে নুজুম স্পোর্টসের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিশেষ ধন্যবাদ নুজুম স্পোর্টসকে। এই আয়োজনের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা যে অসংখ্য ঘণ্টা সময় দিয়েছে এবং নিরলস পরিশ্রম করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’
সংগৃহীত অর্থ গাজার শিশুদের জরুরি সহায়তায় কাজ করা ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের সংগঠনটির কার্যক্রমে ব্যয় করা হবে বলে জানিয়েছেন হামজা। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজার শিশুদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে এই সংগঠন। বিশেষ করে যেসব শিশুর জরুরি চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর প্রয়োজন, তাদের সহায়তায় এই অর্থ কাজে লাগানো হবে।
এ প্রসঙ্গে হামজা বলেন, ‘এই শিশুদের অনেকেরই বেঁচে থাকার একমাত্র আশা হলো চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া। যেসব শিশুর জরুরিভিত্তিতে চিকিৎসার জন্য স্থানান্তর প্রয়োজন, তাদের সেই ব্যবস্থা করতেই সংগৃহীত অর্থের পুরোটা ব্যয় করা হবে।’
অল্প সময়ের মধ্যে এত বড় উদ্যোগ সফল হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেও গাজার মানুষের দুর্ভোগের তুলনায় এই সহায়তাকে সামান্য বলে উল্লেখ করেছেন হামজা। তার ভাষায়, ‘খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজনের মাধ্যমে আমরা যা অর্জন করতে পেরেছি, তাতে আমি বিনীত ও কৃতজ্ঞ। তবে এত মানুষের অসীম দুর্ভোগের তুলনায় আমাদের এই অবদান খুবই সামান্য।’
মানবিক সহায়তার এই প্রচেষ্টা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের এই ফুটবলার। তিনি বলেন, ‘এখনো অনেক কিছু করার বাকি। তবে প্রতিটি প্রচেষ্টা, তা যত ছোটই হোক না কেন, পরিবর্তন আনতে পারে।’
পোস্টের শেষাংশে হামজা আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাদের এই প্রচেষ্টা কবুল হয়। একই সঙ্গে ফিলিস্তিনের মানুষের দুর্ভোগ লাঘব, তাদের শক্তি ও ধৈর্য দান এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করেন।

স্পোর্টস ডেস্ক