রেকর্ড গড়া একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর আবারও সেই হাতছানি লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। সেজন্য অবশ্য পার করতে হবে পাকিস্তান বাঁধা। সাফের ফাইনালে যাওয়ার লক্ষ্যে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে রেকর্ড গড়া একাদশ সাজিয়েছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি।
আজ শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সাফের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন এনে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ ডুলি। এতে অবশ্য একটি রেকর্ডও হয়েছে। প্রথমবারের মতো শুরুর একাদশে আটজন প্রবাসী ফুটবলারকে রেখেই দল সাজিয়েছেন বাংলাদেশের কোচ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলা দলটির একাদশে আজ বাধ্য হয়েই পরিবর্তন আনতে হয়েছে কোচকে। গত ম্যাচে মারাত্মক চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন পরীক্ষিত ডিফেন্ডার সাদ উদ্দিন। তার শূন্যস্থান পূরণে অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়ার ওপরই আস্থা রেখেছেন কোচ ডুলি।
এছাড়া আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় মূল একাদশে সুযোগ পেয়েছেন ফর্টিজ এফসির জাপানি বংশোদ্ভূত ফরোয়ার্ড সুকি ইতোফুসা।
২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার হাত ধরে বাংলাদেশ ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের যে যুগের সূচনা হয়েছিল, আজকের ম্যাচে তা এক নতুন উচ্চতায় পৌঁছাল। শুরুর একাদশে সর্বমোট আটজন প্রবাসী ফুটবলারকে রেখেই আজ মাঠে নামছে দল।
তবে এই রেকর্ড গড়া একাদশে রাখা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়ার। তিনি শুরু করবেন সাইডবেঞ্চ থেকে।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করার পর, গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল দল। ওই ম্যাচে সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের দুর্দান্ত পারফরম্যান্স দলের আক্রমণভাগের শক্তি ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক কাজী, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, ফারহান আহমেদ ওয়াহিদ, শুকি ইতোফুসা, রাকিব হোসেন।

স্পোর্টস ডেস্ক