অধিনায়ক হিসেবে লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক!
বাংলাদেশ ফুটবলের এখন সবচেয়ে বড় তারকা নিশ্চিতভাবেই হামজা দেওয়ান চৌধুরী। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার এখন খেলছেন ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে ১৩টি ম্যাচ খেলেছেন হামজা। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও ৪টি গোলও করেছেন তিনি।
আনুষ্ঠানিকভাবে অধিনায়ক নাহলেও হামজা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর থেকে তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে দলীয় সুত্রে জানা গেছে, এবার আনুষ্ঠানিকভাবেই নেতৃত্বের ভার উঠছে হামজার কাঁধে। সাফ চ্যাম্পিয়নশিপে আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে লাল-সবুজের জার্সিতে নতুন যাত্রা শুরু হচ্ছে হামজার।
এর আগে গতকাল সাংবাদিক সম্মেলনে জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামজা বলেছিলেন, ‘কোচ যদি চান আমি অধিনায়ক হই, তবে আমি দায়িত্ব নিতে প্রস্তুত।’
তবে সিনিয়র সতীর্থদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই হামজা বলেন, ‘দলে এমন অনেকেই আছেন যারা প্রায় একশ ম্যাচ খেলেছেন এবং আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমার কাছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
দলের ভেতরের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই তারকা আরও বলেন, ‘ড্রেসিংরুমে সবাই এক ছাদের নিচে পরিবারের মতো আছি, এটাই সবচেয়ে বড় কথা। কোচ বা টিম ম্যানেজমেন্ট যাকেই নেতৃত্ব দেবেন, দল সেটাই মেনে নেবে।’

স্পোর্টস ডেস্ক