শ্রাবণকে একা দোষ দিতে নারাজ হামজা
২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২১ বছর পর সেই একই মঞ্চে উল্টো চিত্র দেখল দেশের ফুটবল সমর্থকরা। ২০২৬ সাফের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। শেষ মুহূর্তের গোলে এমন হার মেনে নিতে পারছেন না হামজা দেওয়ান চৌধুরী। তবে এই পরাজয়ের জন্য কাউকে এককভাবে দায়ী করতে রাজি নন বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার।
শনিবার (১৪ নভেম্বর) ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে নিজের হতাশার কথা তুলে ধরেন হামজা। সমর্থকদের পাশাপাশি পুরো দেশের মানুষের আবেগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!’
ম্যাচের একমাত্র গোলটি আসে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের থ্রো থেকে তৈরি হওয়া আক্রমণে। সেই বল পেয়ে পাকিস্তানের হয়ে জয়সূচক গোল করেন আব্দুল সামাদ। গোলটির পর সমর্থকদের সমালোচনার মুখে পড়েন শ্রাবণ। তবে হামজা মনে করেন, একটি ভুলের জন্য কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে দায়ী করা ঠিক হবে না।
এ প্রসঙ্গে হামজা বলেন, ‘এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না।’
ম্যাচের বিরতির পর পাকিস্তান তাদের খেলার কৌশলে পরিবর্তন এনেছিল বলেও মনে করেন হামজা। তবে প্রতিপক্ষ খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি বলে দাবি তার। বরং পাওয়া একমাত্র সুযোগটিই কাজে লাগিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে পাকিস্তান।
হামজার ভাষায়, ‘বিরতির পর প্রতিপক্ষ নিজেদের খেলার পরিকল্পনায় পরিবর্তন এনেছিল। এরপরও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পাকিস্তান। তবে একমাত্র সুযোগ থেকেই গোল আদায় করে নেয় তারা।’
অন্যদিকে বাংলাদেশও ম্যাচে গোল করার মতো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে একটি শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও সুকি ইতোফুসা ও ফারহান আলীরা একাধিক সুযোগ কাজে লাগাতে পারেননি। এসব সুযোগ হাতছাড়া হওয়াকেই ম্যাচের অন্যতম আক্ষেপ হিসেবে দেখছেন হামজা।
তিনি বলেন, ‘হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করতে পেরেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?’

স্পোর্টস ডেস্ক