ঈদ মোবারক বাংলাদেশ : হামজা চৌধুরী
শুধু ফুটবলে নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনেই এখন সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। দেশের ফুটবল এগিয়ে চলছে তার আগমনের পর থেকেই। তিনিও আপন করে নিয়েছেন দেশের মানুষকে। এবার জানালেন ঈদের শুভেচ্ছা।
সারাদেশে আজ শনিবার (২১ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে লেস্টার সিটির তারকা হামজা তার ফেসবুক পেজে একটি ভিডিও দেন। ঈদ শুভেচ্ছাবার্তায় বাংলাদেশের মানুষকে ঈদ মোবারক জানান তিনি।
হামজা বলেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। আমার কাছে আর গোটা বিশ্বের মুসলিমদের কাছে আজকের দিনটা খুব স্পেশাল। আজ ঈদ। আমার পক্ষ থেকে সবার জন্য রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা।'
হামজা যোগ করেন, 'আজ অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে সময় কাটাবেন এবং তাদের ভালোবাসবেন। আজকের দিনটি মূলত আমাদের পরিবার, ভালোবাসা আর সবচেয়ে বড় কথা আমাদের দ্বীনের জন্য। ঈদ লাগছে মনে। ঈদ মোবারক।'
গত বছর কুরবানির ঈদে বাংলাদেশ ছিলেন হামজা। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ছিল। এবারও সামনে একই প্রতিপক্ষের বিপক্ষে একই টুর্নামেন্টে ম্যাচ সামনে। যে ম্যাচের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ দল প্রীতি ম্যাচ ও প্রস্তুতির জন্য ভিয়েতনামের উদ্দেশে রওনা দিয়েছে। দলের সঙ্গে ভিয়েতনামে যোগ দেবেন হামজা।

স্পোর্টস ডেস্ক