রোনালদোর কাছে উইন্ডিজ ক্রিকেটারের আবদার!
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বাড়ি ফিরতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন অস্থিরতার কারণে ভারতে আটকা পড়েছে পুরো দল। এমন কঠিন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে হলেও ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বিমানের আবদার করেছেন ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন।
গত রোববার ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকেই কলকাতায় অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। চারদিকে যুদ্ধের উত্তজনা আর বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে দেশে ফেরার কোনো পথ খুঁজে পাচ্ছেন না তারা।
সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর যে একটি বিলাসবহুল ব্যক্তিগত বিমান আছে, তা সবারই জানা। সেই বিমানের কথা মনে করিয়ে দিয়েই রসিকতার ছলে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন আকিল হোসেন।
আকিল লিখেছেন, এই মুহূর্তে আমার জন্য ক্রিস্টিয়ানোকে বিমান পাঠাতে এবং আমাকে উদ্ধার করতে আসতে বলাই ভালো হয়। আকিল মজার ছলে কথাটি বললেও, দীর্ঘ সময় ভিনদেশে আটকে থাকার মানসিক চাপ তাঁর লেখায় স্পষ্ট ফুটে উঠেছে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামিও দ্রুত দেশে ফেরার জন্য আকুতি জানিয়েছিলেন। পরিস্থিতি বিবেচনায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছে। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলকে ভারত থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে শেষ ম্যাচের পর থেকেই আমরা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং আইসিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথ বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার কথা ভেবেই এই জটিলতা তৈরি হয়েছে। তবে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি যাতে দলের সবাই নিরাপদে দেশে ফিরতে পারেন।

স্পোর্টস ডেস্ক