বাংলাদেশকে সমর্থন দিয়ে কি হুমকির মুখে পাকিস্তানের ক্রিকেট?
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসি ও পিসিবির মধ্যকার দ্বন্দ্ব বেড়েছে। সম্প্রতি বাংলাদেশের সমর্থনে পিসিবি প্রধান মহসিন নাকভির করা কিছু মন্তব্যে আইসিসি ক্ষুব্ধ হয়েছে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। নাকভির অভিযোগ ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আইসিসি দ্বিমুখী আচরণ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানও যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে দেশটির ক্রিকেটের ওপর কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না নেওয়ার পথে হাঁটে, তবে আইসিসি তাদের ওপর বহুমুখী নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যা শঙ্কায় ফেলবে দেশটির ক্রিকেটের ভবিষ্যতকে।
এর মধ্যে রয়েছে পাকিস্তানের সব দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করা, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি (এনওসি) না দেওয়া এবং এশিয়া কাপের মতো টুর্নামেন্ট থেকে তাদের নিষিদ্ধ করা। মূলত পিসিবি প্রধানের সাম্প্রতিক আক্রমণাত্মক মন্তব্য এবং টুর্নামেন্ট বয়কটের প্রচ্ছন্ন হুমকি আইসিসিকে কঠোর অবস্থানের দিকে ঠেলে দিয়েছে।
এর আগে মহসিন নাকভি আইসিসির সমালোচনা করে বলেছিলেন, বিসিবির সাথে অন্যায় করা হচ্ছে। তার মতে, একটি নির্দিষ্ট দেশের জন্য নিয়মনীতি এক রকম, আর অন্যদের জন্য আলাদা, এটি মেনে নেওয়া যায় না। ক্রিকেটের বড় স্টেকহোল্ডার হওয়া সত্ত্বেও বাংলাদেশের হাইব্রিড মডেলের দাবি কেন মেনে নেওয়া হলো না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পিসিবি প্রধানের দাবি ছিল, পাকিস্তান যদি নিরাপত্তার কারণে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলতে পারে, তবে একই সুবিধা বাংলাদেশেরও পাওয়া উচিত।
তবে, আইসিসি তাদের স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের দাবি নাকচ করে দিয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলে সেখানে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়। পাকিস্তান এই ইস্যুতে বাংলাদেশের পাশে একমাত্র দেশ হিসেবে শক্ত অবস্থান নেয়। এখন পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি সম্পূর্ণভাবে দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদেশ সফর থেকে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানা গেছে।
অবশ্য মাঠের প্রস্তুতিতে পাকিস্তান ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সালমান আলী আগার নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পিসিবি। এখন দেখার বিষয়, সরকারের সবুজ সংকেত নিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত মাঠে নামে নাকি আইসিসির সাথে সংঘাতের পথে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়ে।

স্পোর্টস ডেস্ক