ক্রিকেট ছাড়ছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে
বয়স ৪৪ পেরিয়েছে, সামনের জুলাইয়ে ৪৫-এ পা রাখার অপেক্ষা। তবু বাইশ গজের মায়া কাটাতে পারছেন না জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও কাউন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসার। এবার ২০২৭ মৌসুমে সারের জার্সিতে দেখা যাবে তাকে।
কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, এবার হয়তো ক্রিকেট অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন অ্যান্ডারসন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ২০২৭ মৌসুমের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি। ল্যাঙ্কাশায়ার নতুন চুক্তির প্রস্তাব না দেওয়ার পর একাধিক কাউন্টির আগ্রহ ছিল তাকে নিয়ে। শেষ পর্যন্ত দ্য ওভালের ক্লাবটিকেই বেছে নিয়েছেন ৪৪ বছর বয়সী এই পেসার।
নতুন দলের সঙ্গে যুক্ত হওয়ার পর অ্যান্ডারসন বলেন, ‘আমি হয়তো আর ক্রিকেট খেলব না, এমনটিই ভেবেছিলাম। সেখান থেকে এই সুযোগ পাওয়া, বিষয়টি নিয়ে আমি সত্যিই দারুণ রোমাঞ্চিত।’
দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে গত মাসে ল্যাঙ্কাশায়ার ছেড়েছেন অ্যান্ডারসন। ২০০১ সালে এই ক্লাবের হয়েই পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান তৃতীয়। পেসারদের মধ্যে তিনিই সবার ওপরে।
আন্তর্জাতিক ক্রিকেটে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা ৯৯১, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ এবং পেস বোলারদের মধ্যেও রেকর্ড। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও কাউন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যান তিনি। গত মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি দলকে নেতৃত্বও দিয়েছেন এই অভিজ্ঞ পেসার।

স্পোর্টস ডেস্ক