পিসিবি ছেড়ে নেদারল্যান্ডসের প্রধান কোচ হচ্ছেন অ্যাশলে নফকে
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যাশলে নফকে এত দিন ছিলেন পাকিস্তানের জাতীয় দলের কোচ। এখন তার সেই অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন এই কিংবদন্তি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোচিং স্টাফ ছাড়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের জুলাইয়ে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট পিসিবি ছেড়ে আফগানিস্তান দলে যোগ দেন। এর আগে মে মাসে অস্ট্রেলিয়া সিরিজ শেষে সাদা বলের ব্যাটিং কোচ হানিফ মালিক এবং দীর্ঘদিনের ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনও দল ছাড়েন।
এবার সেই তালিকায় যুক্ত হলেন নফকে। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত পাকিস্তানে থাকার কথা থাকলেও, এশিয়ান গেমস শেষেই তিনি ডাচদের শিবিরে যোগ দেবেন। নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই অজি কোচ। ফলে ১৮ মাসেরও কম সময়ের মধ্যে পিসিবির সঙ্গে তার চুক্তির সমাপ্তি ঘটছে। নেদারল্যান্ডসে তিনি রায়ান কুকের স্থলাভিষিক্ত হয়ে ২০২৮ সালের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হবেন। এই মেয়াদের মধ্যে ডাচদের সামনে রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উভয় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিতে দলটিকে বাছাইপর্ব পার হতে হবে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে নফকে বলেন, ডাচ পুরুষ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলটি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করছে। এটি একটি অত্যন্ত প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী দল। আমার মূল লক্ষ্য থাকবে দলটির এই ধারাবাহিক অগ্রগতি বজায় রাখা এবং সার্বিক পারফরম্যান্সকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। আমি মাঠের কৌশল নির্ধারণের চেয়ে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক বোঝাপড়াকে বেশি প্রাধান্য দিই।
কোচ হিসেবে অ্যাশলে নফকের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলের হয়ে তিনি বহু শিরোপা জিতেছেন। উইমেনস বিগ ব্যাশে ‘ব্রিসবেন হিট’, ‘দ্য হান্ড্রেড’-এ ‘লন্ডন স্পিরিট’ এবং অস্ট্রেলিয়ার নারী জাতীয় ক্রিকেট লিগে ‘কুইন্সল্যান্ড ফায়ার’-এর কোচের দায়িত্বে ছিলেন তিনি। পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নেওয়ার ঠিক আগে নিউজিল্যান্ডে ওটাগো পুরুষ দলের দায়িত্বে ছিলেন এবং নারী আইপিএলে ‘ইউপি ওয়ারিয়র্স’-এর কোচিং প্যানেলে কাজ করেছেন।

স্পোর্টস ডেস্ক