ফকিরেরপুলের বিপক্ষে আবাহনীর গোল উৎসব
ঘরোয়া লিগের গত মৌসুমের রানার্সআপ আবাহনীর চলতি মৌসুমের শুরুটা হয়েছিল গড়পড়তা। প্রথম তিন ম্যাচে ছিল না জয়, পরে জয় পেলে আবারও জয়হীনতা পেয়ে বসে তাদের। অবশেষে আবাহনী সূলভ ম্যাচ উপহার দিলো আকাশী-নীলরা। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ৫-০ গোলের বড় জয় পেয়েছে আবাহনী। এই জয়ে লিগের ষষ্ঠ রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
ম্যাচে মোটামুটি গোল উৎসব করলেও ৩২ মিনিট পর্যন্ত আবাহনীকে আটকে রাখে ফকিরেরপুল। ৩২ মিনিটে ডেডলক ভাঙ্গেন সুলেমান দিয়াবাতে। কাজেম শাহ কিরমানির আড়াআড়ি ক্রসে প্লেসিং শটে জালে বল পাঠান গোলমুখে ফাঁকায় থাকা এই স্ট্রাইকার। এখান থেকেই শুরু আকাশী-নীলদের গোল উৎসব।
চার মিনিট পরই অবশ্য ম্যাচে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করে ফকিরেরপুল। ফরোয়ার্ড বেন কুয়াত্তারাকে বক্সের মধ্যে ফাউল করেন আবাহনীর ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। এরপর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে বেন কুয়াত্তারার পেনাল্টি শট চলে যায় বাইরে দিয়ে।
প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। ৪১ মিনিটে ডান দিকের বাইলাইনের ওপর থেকে মিরাজুল ইসলামের পাস পেয়ে, এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এর তিন মিনিট পর গোলের খাতায় নাম তোলেন মিরাজুল।
৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আবাহনী। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ভুল পাসে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন শেখ মোরসালিন। একটু পর আল আমিনের গোলে নিশ্চিত হয়ে যায় আবাহনীর চলতি লিগে দ্বিতীয় জয়।

স্পোর্টস ডেস্ক