মেসির সঙ্গে হাত মেলাতে কত টাকা লাগবে?
মেসির ভারত সফর নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। কলকাতায় তাকে দেখতে উপচে পড়েছে দর্শকের ভিড়। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে নানা আয়োজনে অংশ নিয়েছেন মেসি, দেখা হয়েছে শাহরুখ খানের সঙ্গে।
তারকাকে দূর থেকে দেখা যায়। সুযোগ আছে ছোঁয়ারও। সেলফি তোলা, হ্যান্ডশেক ও খাওয়ার ব্যবস্থা। এর জন্য অবশ্য গুণতে অনেক অর্থ। ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ রুপি ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকা) লাগবে বিশেষ এই প্যাকেজ নিতে।
কলকাতায় যারা ছিলেন, তাদের জন্য এই সুযোগ নেই। ‘গোট ট্যুর’-এর অংশ হিসেবে দিল্লি ও মুম্বাতে যাবেন মেসি। সেখানেই তার সঙ্গে ছবি তোলা ও হ্যান্ডশেকের প্যাকেজটি পাওয়া যাবে।
দল হিসেবে আর্জেন্টিনা শেষ মুহূর্তে না আসলেও, এসেছেন মহাতারকা মেসি। আজ মধ্যরাতে কলকাতায় আসেন তিনি। তাকে এক নজর দেখতে বিমানবন্দর থেকে হায়াৎ রিজেন্সির দু’ধারে দেখা যায় উপচেপড়া ভিড়।
মেসির ভারত সফরে তার সঙ্গে আছেন ইন্টার মায়ামির দুই তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।
এ নিয়ে দ্বিতীয়বার কলকাতায় এলেন লিওনেল মেসি। ২০১১ সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার এসেছেন বিশ্বকাপজয়ী হয়ে। মেসির সঙ্গে সাক্ষাৎ করতে ব্যক্তিগত বিমানে কলকাতায় উড়ে আসেন ভারতের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান।
মেসিকে দেখতে না পেয়ে সাধারণ মানুষকে ক্ষুব্ধ হতে দেখা যায়। তৈরি হয় বিশৃঙ্খলা। কলকাতার যুবভারতী স্টেডিয়াম থেকে অনেকটা তড়িঘড়ি করেই বের হন তিনি।

স্পোর্টস ডেস্ক