শীর্ষস্থানের মুকুটের আরও কাছে কোহলি
ক্যারিয়ারের সায়াহ্নে এসেও দারুণ উজ্জ্বল ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। ক’দিন আগেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার। সেটার পুরস্কারও পেলেন এবার। শীর্ষস্থানের মুকুটের আরও কাছে পৌছে গেছেন তিনি।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্র সংস্থা আইসিসি। সেখানে একধাপ এগিয়ে শীর্ষে থাকা শুভমান গিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি। ক্যারিবিয়ান বোলারদের শাসন করে মাত্র ৮৮ বলে ৯ ছক্কার সাহায্যে ১৩৯ রানের এক ঝলমলে অপরাজিত ইনিংস খেলে দলকে জয় উপহার দেন তিনি।
এই ম্যাচ জেতানো ইনিংসের সুবাদেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানের বেশ কাছাকাছি চলে এলেন কোহলি। বর্তমানে শীর্ষে থাকা শুভমান গিলের রেটিং পয়েন্ট ৮১৬। আর ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন কোহলি।
মজার ব্যাপার হলো, উইন্ডিজের বিপক্ষে ওই একই ম্যাচে ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন গিলও। এই দুই ভারতীয় তারকার ঠিক পরেই তালিকার শীর্ষ চারে যথাক্রমে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ড্যারিয়েল মিচেল (৭৯৪) এবং ভারতের অভিজ্ঞ রোহিত শর্মা (৭১৯)।
সম্প্রতি ক্রিকেটের একদিনের এই সংস্করণে একদিনেই বেশ কয়েকটি সেঞ্চুরির রেকর্ড দেখা গেছে। যেখানে কোহলি ও গিলের পাশাপাশি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন টেম্বা বাভুমা, ডেভিড মিলার, জাস্টিন গ্রিভস এবং টম ব্যান্টনরা।
এদিকে কোহলি-গিলদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের অন্য ম্যাচগুলোর পারফরম্যান্সের প্রভাবও পড়েছে নতুন আইসিসি র্যাঙ্কিংয়ে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র হওয়ার পর সবচেয়ে বড় লাভবান হয়েছেন লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। ইংল্যান্ডের বিপক্ষে ১০০ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংসটি তাকে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম অবস্থানে পৌঁছে দিয়েছে।
অন্যদিকে, ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে সেরা দশের তালিকায় একমাত্র প্রতিনিধি হিসেবে নবম স্থানে টিকে আছেন জো রুট। আর ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলে এক ধাপ উন্নতি করে ১১তম স্থানে উঠে এসেছেন।
এছাড়াও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অন্য দলের তারকারাও। দুর্দান্ত সেঞ্চুরি করে টেম্বা বাভুমা ১০ ধাপ এগিয়ে ৩২তম এবং ডেভিড মিলার ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন। আর ১০৫ বলে ১২৬ রানের চমৎকার এক ইনিংস খেলে এক লাফে ৩৩৩ ধাপ ওপরে উঠে এখন ৮৩ নম্বরে অবস্থান করছেন টম ব্যান্টন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে (৫৪ রানে ২ ও ২০ রানে ৪ উইকেট) বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সেরা চারে নিজের অবস্থান পোক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ।
ওয়ানডে ফরম্যাটে দারুণভাবে প্রত্যাবর্তন করে ৪০ রান খরচায় ৪ উইকেট শিকার করার সুবাদে চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।
পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে চার উইকেট শিকার করে বোলারদের সেরা দশে আবারও ফিরে এসেছেন অসি পেসার জশ হ্যাজেলউড। পাঁচ ধাপ উন্নতি করে বর্তমানে তালিকার দশম স্থানে রয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক