ফিরতে চান না, তবু এক্সকে মিস করেন? কেন এমন হয়
ব্রেকআপের পর সম্পর্কটিতে আর ফিরতে চান না। বরং মনে হয়, আলাদা হয়ে যাওয়াই ভালো হয়েছে। তবু হঠাৎ কোনো গান, পুরোনো ছবি কিংবা পরিচিত কোনো জায়গা মনে করিয়ে দেয় সেই মানুষটিকে। মন খারাপ হয়, মিস করতে শুরু করেন। কিন্তু কেন?
এই প্রশ্নের উত্তর খুঁজেছেন দার্শনিক ও লেখক অ্যারন বেন-জিভ। যুক্তরাষ্ট্রভিত্তিক মনোবিজ্ঞান ও সম্পর্কবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’তে প্রকাশিত এক বিশ্লেষণে তিনি ব্যাখ্যা করেছেন, কেন এমন প্রাক্তনকেও মিস করা সম্ভব, যার কাছে আর ফিরতে চান না।
বেন-জিভের বিশ্লেষণ অনুযায়ী, কাউকে মিস করা আর তাঁর সঙ্গে আবার সম্পর্কে ফিরতে চাওয়া এক বিষয় নয়। এর পেছনে কাজ করতে পারে পুরোনো স্মৃতি, প্রাক্তনের কিছু গুণের প্রতি টান এবং সম্পর্কের বাস্তবতা থেকে আলাদা হয়ে যাওয়া আবেগ।
সময় গেলে ভালো স্মৃতিই বেশি মনে পড়ে
ব্রেকআপের পর সময়ের সঙ্গে সম্পর্কের খারাপ দিকগুলো অনেক সময় ফিকে হয়ে যায়। তখন বেশি মনে পড়ে একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো—ঘোরাঘুরি, আড্ডা, হাসি কিংবা বিশেষ কোনো দিন।ফলে মনে হতে পারে, সম্পর্কটা হয়তো এতটা খারাপ ছিল না। কিন্তু যে সমস্যাগুলো শেষ পর্যন্ত বিচ্ছেদের কারণ হয়েছিল, সেগুলোও তো বাস্তব ছিল। সাইকোলজি টুডেতে বেন-জিভের বিশ্লেষণ বলছে, অনেক সময় আমরা মানুষটিকে নয়, তাঁর সঙ্গে কাটানো সুন্দর সময়টাকেই মিস করি।
মানুষটা ভালো হলেই সম্পর্কটাও ভালো হয় না
প্রাক্তনের ব্যক্তিত্ব, রসবোধ, চেহারা কিংবা যত্নশীল আচরণ এখনও ভালো লাগতে পারে। কিন্তু এসব গুণ একাই একটি সম্পর্ককে সফল করে না। দুজনের মূল্যবোধ, জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা সম্পর্ক নিয়ে প্রত্যাশায় বড় পার্থক্য থাকলে সমস্যা তৈরি হতে পারে। তাই একই সঙ্গে দুটি অনুভূতি সত্যি হতে পারে, ‘মানুষটা ভালো ছিল, কিন্তু আমাদের সম্পর্কটা ভালো ছিল না।’ প্রাক্তনের ভালো দিকগুলো মনে পড়ছে বলেই যে সেই সম্পর্কে ফিরে যেতে হবে, এমন নয়।
ভালোবাসা থাকলেও বিচ্ছেদ হতে পারে
সব সম্পর্ক ভাঙে ভালোবাসা শেষ হয়ে যাওয়ার কারণে নয়। কখনো ভালোবাসা থাকার পরও দুজনের জীবন, প্রয়োজন কিংবা ভবিষ্যতের পরিকল্পনা আলাদা পথে চলে যায়। সম্পর্ক যদি মানসিক শান্তি, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঙ্গে ক্রমাগত সংঘাত তৈরি করে, তখন আলাদা হওয়ার সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু সম্পর্ক শেষ হলেই আবেগও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না। তাই প্রাক্তনের জন্য মায়া থাকা, তাঁকে মনে পড়া কিংবা পুরোনো সময়কে মিস করা অস্বাভাবিক কিছু নয়।
এক্সকে মিস করছেন মানেই কি এখনও তাঁকে চান?
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সকে মিস করা একটি অনুভূতি; তাঁর কাছে ফিরে যাওয়া একটি সিদ্ধান্ত।আপনি হয়তো মানুষটিকে নয়, তাঁর সঙ্গে কাটানো সময়কে মিস করছেন। কিংবা সেই সময়ের নিজের জীবনটাকে। এমনকি তাঁর সঙ্গে থাকাকালে নিজেকে যেভাবে অনুভব করতেন, সেটাও মনে পড়তে পারে।
তাই এক্সের কথা মনে পড়লেই ধরে নেওয়ার কারণ নেই যে সম্পর্কটি আবার শুরু করতে চান। বরং নিজেকে প্রশ্ন করুন, ‘আমি কি মানুষটাকে মিস করছি, নাকি তাঁর সঙ্গে কাটানো জীবনটাকে?’
এই দুইয়ের পার্থক্য বুঝতে পারলেই নিজের অনুভূতিটা অনেক পরিষ্কার হয়ে আসে।

ফিচার ডেস্ক