হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪৯
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯টি শিশু।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৬৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৬৫টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৯২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৫৭। এই সময়ে এক হাজার ১৭৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৬২টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ২৯২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৬০ হাজার ৯৮০ রোগী, যাদের মধ্যে এক লাখ ৫৪ হাজার ৫১০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

নিজস্ব প্রতিবেদক