নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ১০৬ রোগী
নাটোরে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তদের অধিকাংশ রোগী নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত ডায়রিয়ার নানা উপসর্গ নিয়ে নাটোর জেনারেল হাসপাতালে মোট ১০৬ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা তুলনামূলক বেশি-৫৯ জন, এবং নারী রোগী রয়েছেন ৪৭ জন। হাসপাতাল চত্বরে রোগীর চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
নাটোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুবুর রহমান বলেন, রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়লেও পর্যাপ্ত স্যালাইন সরবরাহ ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে হঠাৎ ডায়রিয়ার এমন প্রাদুর্ভাবের পেছনে প্রতিকূল আবহাওয়া এবং অনিরাপদ পানীয় জলের ব্যবহার কারণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

হালিম খান, নাটোর