ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৯৭
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ৯৭ জন।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় (শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৮২ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১০৯ জন ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, খুলনায় ২৪৩ জন, ময়মনসিংহে ৮১ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৪ হাজার ৬৮৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ১৮৮ জন। আর গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে চলতি মাসে ৩৯ জন মারা গেছে।
এছাড়া জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক