গরমে লাউ নাকি ঝিঙে? স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?
এই গরমে শরীরকে সুস্থ ও সতেজ রাখা সহজ কাজ নয়। অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা, হজমের সমস্যা ও ক্লান্তি এ সময়ের নিত্যসঙ্গী। তাই এই মৌসুমে এমন খাবার বেছে নেওয়া জরুরি, যা শরীরকে ঠান্ডা রাখবে, পানির ঘাটতি পূরণ করবে এবং হজমপ্রক্রিয়াও স্বাভাবিক রাখবে। আর সেই তালিকায় প্রথম সারিতেই রয়েছে লাউ ও ঝিঙে। এই দুইটি সবজিই পানি, ফাইবার ও নানা প্রয়োজনীয় ভিটামিনে ভরপুর। পেট ঠান্ডা রাখা থেকে শুরু করে ডিহাইড্রেশন রোধে এগুলোর ভূমিকা অপরিসীম। তবে আমাদের মনে প্রায় একটি প্রশ্ন জাগে; লাউ নাকি ঝিঙে, স্বাস্থ্যের গুণাগুণের বিচারে ঠিক কোনটা বেশি উপকারী?
পুষ্টিবিদদের মতে, দুইটি সবজিরই নিজস্ব কিছু শারীরিক উপকারিতা রয়েছে। পুষ্টিগুণের মানদণ্ডে কোন সবজি ঠিক কতটা এগিয়ে, দেখে নেওয়া যাক।
লাউয়ের পুষ্টিগুণ ও শারীরিক উপকারিতা
প্রতি ১০০ গ্রাম লাউয়ে প্রায় ৯২ থেকে ৯৬ শতাংশই থাকে পানি থাকে। এ ছাড়া এতে মাত্র ১৫ ক্যালোরি, ৪ গ্রাম কার্বোহাইড্রেট, ১.২ গ্রাম ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকে।
ডিহাইড্রেশন রোধ
প্রচুর পরিমাণে পানি থাকায় লাউ শরীরের পানির ঘাটতি পূরণ করতে দারুণ কাজ করে।
হজমশক্তি বৃদ্ধি
লাউ অত্যন্ত হালকা ও সহজে হজমযোগ্য। কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা বুক জ্বালা ভাব কমাতে এর ফাইবার সাহায্য করে।
হৃদ্যন্ত্রের সুরক্ষা
লাউয়ে থাকা পটাশিয়াম ও আয়রন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে।
ঝিঙের পুষ্টিগুণ ও শারীরিক উপকারিতা
অন্যদিকে, প্রতি ১০০ গ্রাম ঝিঙেতে পানির পরিমাণ প্রায় ৯৩ থেকে ৯৫ শতাংশ। এতে ক্যালোরির পরিমাণ প্রায় ১৮-২০, আর এতে ফাইবারের মাত্রা থাকে ২.৫ গ্রাম, যা লাউয়ের তুলনায় কিছুটা বেশি। পাশাপাশি ভিটামিন সি, আয়রন ও বিটা-ক্যারোটিন মেলে এই সবজিতে।
কোষ্ঠকাঠিন্য দূরীকরণে
ঝিঙেতে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার বেশি থাকায় এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং বাওয়েল মুভমেন্ট স্বাভাবিক করে।
অ্যান্টিঅক্সিডেন্টের খনি
ঝিঙেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
তবে কোনটা বেছে নেবেন?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, লাউ ও ঝিঙে; দুইটিই অত্যন্ত পুষ্টিকর ও শরীরের জন্য উপকারী। তবে আপনার শারীরিক চাহিদার ওপর নির্ভর করবে কোনটা বেশি জরুরি। যদি আপনি প্রচণ্ড গরম, শারীরিক ক্লান্তি কিংবা পেট ফাঁপার সমস্যায় ভুগে থাকেন, তবে লাউ খাওয়া সবচেয়ে ন্যায়সঙ্গত।
অন্যদিকে, যদি আপনার মূল লক্ষ্য হয় হজম ক্ষমতা বাড়ানো, উচ্চ ফাইবার যুক্ত খাবার খাওয়া বা কোষ্ঠকাঠিন্য দূর করা, তবে ঝিঙে বেশি উপকারী হতে পারে। তাই কোনো একটিকে বাদ না দিয়ে, গরমের দিনে দুইটি সবজিকেই ঘুরিয়ে-ফিরিয়ে খাদ্যতালিকায় রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে।

ফিচার ডেস্ক