বৃষ্টিতে ভিজেছেন? সুস্থ থাকতে জেনে নিন জরুরি করণীয়
দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। কখনো ঝুম বৃষ্টি, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি—এভাবেই কাটছে দিনের অধিকাংশ সময়। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের অনেকেই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে। তবে ভেজা শরীর নিয়ে দীর্ঘ সময় থাকলে সর্দি-কাশি, জ্বর কিংবা বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই বৃষ্টিতে ভিজে গেলে শরীরের সঠিক যত্ন নেওয়া জরুরি। জেনে নিন, বৃষ্টিতে ভেজার পর সুস্থ থাকতে কী কী করবেন।
দ্রুত ভেজা পোশাক বদলে ফেলা
বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব সমস্ত ভেজা জামাকাপড় পরিবর্তন করতে হবে। ভেজা কাপড় দীর্ঘক্ষণ ত্বকের সংস্পর্শে থাকলে নিউমোনিয়া ও ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি বাড়ে। প্রয়োজনে অফিস বা বাইরে বের হওয়ার সময় ব্যাগে অতিরিক্ত একটি পোশাক রাখতে পারেন। এতে ঠান্ডা লাগার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
ভেজা অবস্থায় এসি রুম এড়িয়ে চলা
বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর শরীর ও চুল পুরোপুরি না শুকানো পর্যন্ত এসির শীতল কক্ষে প্রবেশ করা যাবে না। এটি শরীরের তাপমাত্রা আরও কমিয়ে দিয়ে ঠাণ্ডা বা অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এসি কক্ষে প্রবেশের আগে অবশ্যই শুকনো পোশাক পরে নিন।
কুসুম গরম পানিতে গোসল করুন
বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে যত দ্রুত সম্ভব হালকা কুসুম গরম পানিতে গোসল করে নিন। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং গায়ে লেগে থাকা ধুলাবালি ও জীবাণুও সহজেই পরিষ্কার হয়ে যায়।
পা ও আঙুলের ফাঁকা অংশ পরিষ্কার করা
বৃষ্টির কারণে রাস্তার জমে থাকা নোংরা কাদা-পানি মাড়িয়ে বাসায় ফিরতে হয়। জমে থাকা নোংরা পানি থেকে পায়ে ‘অ্যাথলেটস ফুট’ বা মারাত্মক ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। তাই গোসলের সময় সাবান দিয়ে ভালোভাবে পা পরিষ্কার করুন। আঙুলের ফাঁক ও নখের কোণও যত্নসহকারে ধুয়ে নিন, যাতে কোনো জীবাণু বা ময়লা জমে না থাকে।
গরম ভেষজ চা পান করুন
বৃষ্টিতে ভিজে বাসায় ফেরার পর ঠান্ডা পানীয় বা খাবারের পরিবর্তে এক কাপ গরম ভেষজ চা পান করতে পারেন। আদা, তুলসি ও লবঙ্গ দিয়ে তৈরি চা শরীর গরম রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং শরীরের পানিশূন্যতাও কিছুটা দূর করে।
প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখুন
বর্ষাকালে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী রাখা খুবই জরুরি। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মৌসুমি ফল, বিভিন্ন শাকসবজি এবং ভিটামিন সি-সমৃদ্ধ খাবার যেমন পাতিলেবু ও আমলকি রাখুন। সুষম ও পুষ্টিকর খাবার শরীরকে বিভিন্ন মৌসুমি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়।

ফিচার ডেস্ক