অফিসে ঘুমের ঝিমুনি আসে? কোন ভিটামিনের অভাব?
বর্তমান কর্মব্যস্ত জীবনে ক্লান্তি যেন নিত্যসঙ্গী। অফিসে কাজ করতে বসেছেন, কিন্তু কিছুক্ষণ পরই চোখ জড়িয়ে আসছে ঘুমে। মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে, কাজের প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এমন অভিজ্ঞতা অনেকের কাছেই পরিচিত। কাজের চাপ কিংবা অনিয়মিত ঘুমকে সাধারণত এর জন্য দায়ী করা হলেও, পুষ্টিবিদরা অবশ্য অন্য কথা বলছেন। তাদের মতে, অত্যধিক পরিশ্রমও ক্লান্তির অন্যতম কারণ। বিশ্রাম ছাড়াই, একটানা পরিশ্রম করে গেলে ভিতর থেকে ক্লান্ত হয়ে পড়ে শরীর। তখন কোনো কিছুই আর শরীরকে চাঙ্গা করে তুলতে পারে না। এই কারণগুলো ছাড়াও শরীরে নির্দিষ্ট দুই ভিটামিনের ঘাটতি দেখা দিলে অতিরিক্ত ক্লান্তি ও আলস্য ভর করতে পারে। সেগুলো হলো— শরীরে ভিটামিন বি১২ এবং ভিটামিন ডি।
পুষ্টিবিদরা জানাচ্ছেন, শরীরে ভিটামিন বি১২ এবং ভিটামিন ডি-এর ঘাটতির কারণে ক্লান্ত লাগে। বিশেষ করে ভিটামিন ডি-এর অভাব দেখা দিলে শারীরিক দুর্বলতা, ঘন ঘন ঝিমুনি হতে পারে। ভিটামিন ডি-এর অভাব হলে হাড়ের নানা সমস্যা দেখা দিতে পারে। হাঁটুতে ব্যথার মতো সমস্যা দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, শুধু হাড় নয়—চুল, ত্বক, নখ, মানসিক সুস্থতার সঙ্গেও জড়িত ভিটামিন ডি। তাই শরীরকে চনমনে রাখতে এর সঠিক মাত্রা বজায় রাখা জরুরি।
অন্যদিকে, ভিটামিন বি১২ স্বাস্থ্যের জন্য খুবই জরুরি একটি ভিটামিন। বিশেষ করে রক্তের কোষ ও স্নায়ুর ওপর এর একটি বড় প্রভাব রয়েছে। এই ভিটামিনের ঘাটতি হলে হাত-পা অবশ, চরম ক্লান্তি, মনোযোগের সমস্যা হতে পারে। অনেক সময় মাথা ঝিমঝিম করে।
তাই দিনের বেশিরভাগ সময় যদি অবসন্নতা, অসাড়তা লাগে, কাজের মাঝেই বারবার ঘুম পায় কিংবা কোনো কাজেই মন বসাতে না পারেন, তবে বিষয়টিকে অবহেলা না করাই ভালো। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করিয়ে জেনে নিতে পারেন শরীরে প্রয়োজনীয় ভিটামিনের মাত্রা ঠিক আছে কি না।
সূত্র: এই সময়

ফিচার ডেস্ক