ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা ৪০১ জনে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৭০৫ জন হয়েছে।
ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। অন্যজন বরিশাল বিভাগের।
আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক